তথ্যমন্ত্রী
শাপলা হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি বিএনপিই প্রথম দিয়েছে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৮:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে বিএনপিই প্রথম স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত স্মারকগ্রন্থ ‘শহীদনামা’র মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “বিএনপি কখনও ইসলাম অবমাননাকারীদের প্রশ্রয় দেয়নি। বরং শাপলা চত্বরের ঘটনার বিচার এবং শহীদদের মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে রাজনৈতিকভাবে অবস্থান নিয়েছে। ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপি দুই দিনের হরতালও ডেকেছিল।”
তিনি আরও বলেন, “সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান জানিয়েছে বিএনপি। ভবিষ্যতেও তাদের প্রতি দায়িত্ব পালন করবে দলটি।”
মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের ঘটনাসহ মানবতাবিরোধী, অন্যায় ও ন্যায়বিচারবিরোধী কোনো অপরাধই সরকার তামাদি হতে দেবে না বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, এসব ঘটনার বিচার নিশ্চিত করতে সরকার উদ্যোগী রয়েছে। তবে কার্যকর বাস্তবায়নের জন্য রাজনৈতিক ও সামাজিক শক্তির সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, “রাজনৈতিক শক্তি ও সামাজিক শক্তি এক নয়। একটি রাজনৈতিক দল তখনই সফল হয়, যখন দলমতের বাইরে বৃহত্তর জনগোষ্ঠীর কাছেও গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে।”
