×

জাতীয়

সারোয়ার আলমগীরকে সংসদ সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৭:৫০ পিএম

সারোয়ার আলমগীরকে সংসদ সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরকে সংসদ সদস্য (এমপি) ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৯ জুলাই) এ-সংক্রান্ত গেজেট জারি করা হয়।

এর আগে একই দিন হাইকোর্ট রায় দেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে কোনো আইনগত বাধা নেই। বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে এ রায় দেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে সরোয়ার আলমগীরকে শপথবাক্য পাঠ করাবেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নেন সরোয়ার আলমগীর। তবে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করলে তিনি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন।

রিটের প্রাথমিক শুনানি শেষে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়ার পাশাপাশি ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন।

পরে একই আসনের জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন ঋণখেলাপির অভিযোগ তুলে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের অনুমতি (লিভ টু আপিল) চান। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আবেদনটি গ্রহণ করে আদেশ দেন, সরোয়ার আলমগীর নির্বাচিত হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনী ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।

পরবর্তীতে গত ৩১ মার্চ নিয়মিত আপিল দায়ের করা হয়। শুনানি শেষে ১৬ জুন আপিল বিভাগ হাইকোর্টকে দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ দেন এবং ততদিন পর্যন্ত আগের স্থগিতাদেশ বহাল রাখেন।

আপিল বিভাগের নির্দেশনার পর গত ২১ জুন বিষয়টি চূড়ান্ত শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসে। ধারাবাহিক শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্ট সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেন। এরপর নির্বাচন কমিশন তাকে চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে গেজেট প্রকাশ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভালো ফল করলেই হবে না, দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হতে হবে: ভূমিমন্ত্রী

ভালো ফল করলেই হবে না, দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হতে হবে: ভূমিমন্ত্রী

হাম ও উপসর্গ: মৃত্যুর সংখ্যা ১০০০ ছুঁই ছুঁই

হাম ও উপসর্গ: মৃত্যুর সংখ্যা ১০০০ ছুঁই ছুঁই

পুকুরে মিলল তাজা গ্রেনেড, তারপর যা হলো

পুকুরে মিলল তাজা গ্রেনেড, তারপর যা হলো

দুই দিন বন্ধের পর রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল স্বাভাবিক

দুই দিন বন্ধের পর রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল স্বাভাবিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App