×

জাতীয়

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১১:১৬ এএম

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি : সংগৃহীত

দিনব্যাপী সরকারি সফরে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে মহেশখালীর উদ্দেশে রওনা হন তিনি।

সফরসূচি অনুযায়ী, মাতারবাড়ীতে প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে এসব মেগাপ্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করার কথা রয়েছে।

মহেশখালীর কর্মসূচি শেষে দুপুরের দিকে হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সেখানে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে সেখানে নতুন ঘর হস্তান্তর করবেন তিনি।

এরপর প্রধানমন্ত্রী ফটিকছড়িতে যাবেন। সেখানে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর।

পরে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় গিয়ে আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। পথে হাটহাজারী ডাকবাংলোয় কিছু সময় যাত্রাবিরতিও নেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন : রাষ্ট্রপতি পদে আলোচনায় যে চার নেতা: রাজনীতিতে কার কী অবদান

বিকেল ৫টার দিকে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। সেখানেও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ক্ষতিগ্রস্তদের মধ্যে নতুন ঘর হস্তান্তরের কথা রয়েছে।

দিনের শেষ কর্মসূচিতে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের মিলনায়তনে আয়োজিত একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ঢাকা থেকে মহেশখালী পর্যন্ত প্রধানমন্ত্রী হেলিকপ্টারে যাবেন। পরে ফটিকছড়ি থেকে সড়কপথে চট্টগ্রামে যাবেন তিনি। সব কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।

এদিকে প্রধানমন্ত্রীর মহেশখালী সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরে কোনো জনসভা বা বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি না থাকলেও তাঁর আগমনকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

আরও পড়ুন : বিদেশে পালানোর সময় বিমানবন্দরে বড় সাজ্জাদের সহযোগী গ্রেপ্তার

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরটি মূলত সরকারি ও আনুষ্ঠানিক। তবে এ সফরকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

তিনি বলেন, স্থানীয় মানুষের পক্ষ থেকে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং কক্সবাজারের সঙ্গে মহেশখালীর সরাসরি যোগাযোগব্যবস্থা উন্নয়নে কক্সবাজার-মহেশখালী সংযোগ সড়ক নির্মাণের প্রত্যাশা রয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর আজকের সফরে দেশের গুরুত্বপূর্ণ মেগাপ্রকল্পগুলোর অগ্রগতি পরিদর্শন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ এবং সাংগঠনিক কর্মসূচি সবকিছুকেই গুরুত্ব দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হামে ৩ জনের মৃত্যু, আক্রান্ত আরো ১৮

সিলেটে হামে ৩ জনের মৃত্যু, আক্রান্ত আরো ১৮

বাইডেনের ক্যানসার নিয়ে নতুন তথ্য জানালেন ছেলে হান্টার

বাইডেনের ক্যানসার নিয়ে নতুন তথ্য জানালেন ছেলে হান্টার

ক্রিকেটার যশস্বীর সঙ্গে মৃণালের প্রেমের গুঞ্জন, যা বললেন অভিনেত্রী

ক্রিকেটার যশস্বীর সঙ্গে মৃণালের প্রেমের গুঞ্জন, যা বললেন অভিনেত্রী

নবম পে-স্কেল নিয়ে বড় সুখবর, ফাইল উঠছে মন্ত্রিসভায়

নবম পে-স্কেল নিয়ে বড় সুখবর, ফাইল উঠছে মন্ত্রিসভায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App