×

জাতীয়

ভারত-বাংলাদেশের কোনো ইস্যুই অমীমাংসিত নয় : দীনেশ ত্রিবেদী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৪:১৪ পিএম

ভারত-বাংলাদেশের কোনো ইস্যুই অমীমাংসিত নয় : দীনেশ ত্রিবেদী

ছবি : সংগৃহীত

ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বিরোধপূর্ণ বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে এমন কোনো ইস্যু নেই, যা আলোচনায় বসে সমাধান করা সম্ভব নয়। ঐতিহাসিক ও ভৌগোলিক বাস্তবতার কারণে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক আরও ভালো করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন দীনেশ ত্রিবেদী।

ভারতীয় হাই কমিশনার বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যু বা মতপার্থক্য থাকাটাই স্বাভাবিক। তবে সাধারণ মানুষের প্রত্যাশা হলো দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখা। সম্পর্ক ভালো থাকলে উভয় দেশই লাভবান হবে।

তিনি বলেন, ভারত ও বাংলাদেশ প্রতিবেশী দেশ। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা চাইলেই পরিবর্তন করা সম্ভব নয়। একইভাবে ভৌগোলিক বাস্তবতার কারণেও দুই দেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন : ‘সংঘর্ষ-মারামারির ফুটেজ দেখালে টিভি চ্যানেল বন্ধ’

দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমরা শুধু সীমান্ত ভাগাভাগি করি না, আমরা স্বপ্নও ভাগাভাগি করি।’ তার আশা, আগামী দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে। বিদ্যমান ইস্যুগুলো দুই পক্ষের আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক টানাপড়েন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ইস্যুই এমন নয়, যা দুই দেশ আলোচনায় বসে সমাধান করতে পারে না। ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষও দুই দেশের সম্পর্ক আরও ভালো দেখতে চায়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে ভারতীয় হাই কমিশনার বলেন, এটি ছিল তাদের প্রথম সৌজন্য সাক্ষাৎ। তবে সাক্ষাতের সময় তার মনে হয়নি যে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবার দেখা হচ্ছে। তিনি তারেক রহমানকে ‘জনতার মানুষ’ এবং ‘অত্যন্ত বিনয়ী’ হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন : হেফাজত হত্যাকাণ্ড কি আসলেই ‘গণহত্যা’ ছিল?

দীনেশ ত্রিবেদী আরও জানান, ঢাকায় দায়িত্ব নেওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে দুই দেশের সম্পর্ক ভালো রাখার গুরুত্বের কথা বলেছেন। সেই লক্ষ্যেই তিনি কাজ করছেন বলে ইঙ্গিত দেন।

গত ১২ জুন ঢাকায় ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। এর আগে তিনি ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ সময়ে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেলো নাছিমা কাদির মোল্লা স্কুলে

৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেলো নাছিমা কাদির মোল্লা স্কুলে

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দলীয় ঐক্য

অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দলীয় ঐক্য

‘জামায়াত বেশি আসন পাওয়ায় রংপুরকে উন্নয়ন-বঞ্চিত করা হচ্ছে’

‘জামায়াত বেশি আসন পাওয়ায় রংপুরকে উন্নয়ন-বঞ্চিত করা হচ্ছে’

রিজভীই কি হচ্ছেন বিএনপির নতুন মহাসচিব?

রিজভীই কি হচ্ছেন বিএনপির নতুন মহাসচিব?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App