রাষ্ট্রপতি নির্বাচন
চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন স্পিকার-সিইসি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১০:৫৭ এএম
ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে নির্বাচন কমিশনার, ইসি সচিবালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেবেন। রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি ও ভোটগ্রহণের বিভিন্ন দিক নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানিয়েছে সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন (ইসি) সূত্র।
এক কর্মকর্তা জানান, ভারপ্রাপ্ত স্পিকার ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সিইসিসহ নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের কর্মকর্তাদের এ বৈঠক হবে। এতে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি, ভোটগ্রহণের ব্যবস্থা এবং সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে এরই মধ্যে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জাতীয় সংসদের বিরোধী দলীয় জোট। অন্যদিকে ক্ষমতাসীন বিএনপি এখনো তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ‘র’ প্রধানের বৈঠক
একাধিক প্রার্থী থাকলে এবারের রাষ্ট্রপতি নির্বাচন ১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর দ্বিতীয়বারের মতো ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হতে পারে। এর আগে ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করেন। তবে ওই নির্বাচনে জাতীয় পার্টি, জামায়াতসহ কয়েকটি দলের সংসদ সদস্যরা ভোটদানে বিরত ছিলেন।
এরপর অনুষ্ঠিত সাতটি রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হয়েছিল।
তবে রোববার জামায়াত নেতৃত্বাধীন জোট রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করায় নির্বাচনী পরিস্থিতিতে পরিবর্তন আসে। এরপরই রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রোববার অনির্ধারিত বৈঠকও করে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছেন সিইসিসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা।
