×

জাতীয়

আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী কি ভারত সফরে যাচ্ছেন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৪:৩৩ পিএম

আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী কি ভারত সফরে যাচ্ছেন?

ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলন এবং দ্বিপক্ষীয় সফরের জন্য পৃথকভাবে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে ঢাকা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে পরস্পরবিরোধী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। একটি প্রতিবেদনে সফর না যাওয়ার সম্ভাবনার কথা বলা হলেও অন্য প্রতিবেদনে আগামী সপ্তাহের শেষার্ধে প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফরের প্রস্তুতির কথা বলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন শুক্রবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে দাবি করেছে, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে যোগ দেবেন না এবং ভারত সফরও করবেন না। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ১০ আগস্ট ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ বার্তা দিয়েছেন।

আরও পড়ুন: দেশে গণিতচর্চা বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

তবে একই দিন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহের শেষার্ধে নয়াদিল্লি সফরে যেতে পারেন। এ সফর সামনে রেখে ঢাকা ও দিল্লির কূটনৈতিক পর্যায়ে গত কয়েক দিন ধরে নিবিড় আলোচনা চলছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সম্ভাব্য এ সফরটি দুই দিনের দ্বিপক্ষীয় সফর হিসেবে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। সফরটি চূড়ান্ত হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর।

সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেখানে দুই দেশের বাণিজ্য, যোগাযোগ, জ্বানি, পানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

দিনক্ষণ এখনো চূড়ান্ত নয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, সরকার সফরের বিষয়ে ইতিবাচক। তবে এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন: গরিবের টেসলায় মধ্যরাতেও ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা: জ্বালানিমন্ত্রী

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দেশের সরকারপ্রধান পর্যায়ে আলোচনা হলে অনেক জটিল সমস্যার সমাধানের সুযোগ তৈরি হয়। বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নের এই সুযোগ ভারতকেও ইতিবাচকভাবে কাজে লাগানো উচিত।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সময়সূচি, দেশের অভ্যন্তরীণ কিছু সাংবিধানিক কাজ এবং ঢাকা-দিল্লির আলোচনার অগ্রগতির ওপর সফরের বিষয়টি নির্ভর করছে। উভয় দেশের জন্য সুবিধাজনক সময়ে সফরের তারিখ চূড়ান্ত করা হবে।

ব্রিকস সম্মেলন নিয়েও অনিশ্চয়তা

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। বাংলাদেশ বর্তমানে বিমসটেকের চেয়ারম্যান হওয়ায় সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

গত ১৪ জুলাই ভারতীয় হাইকমিশনের মাধ্যমে এ-সংক্রান্ত কূটনৈতিক পত্র বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। তবে আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ না করে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে সম্বোধন করায় ঢাকার পক্ষ থেকে অসন্তোষের বিষয়টি সামনে এসেছে।

আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের তথ্য সংগ্রহ করছে র‍্যাব

কূটনৈতিক সূত্রগুলোর মতে, বাংলাদেশের নির্বাচিত সরকারপ্রধানকে যথাযথ প্রটোকলগত মর্যাদা না দিয়ে আঞ্চলিক জোটের প্রধান হিসেবে আমন্ত্রণ জানানোয় কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে। এ কারণেও ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ব্রিকস সম্মেলনের এখনো প্রায় এক মাস বাকি। এই সময়ের মধ্যে অনেক কিছুই পরিবর্তিত হতে পারে।

হাসিনাকে ঘিরে নতুন টানাপোড়েন

এদিকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডও ঢাকা-দিল্লি সম্পর্কের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

গত ৫ আগস্ট দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে বলে দ্য ট্রিবিউনের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র, কারণ জানাল জামায়াত

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনাকে ঘিরে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে- এমন আশঙ্কা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির নেতৃত্বাধীন সরকারের মধ্যে। এ পরিস্থিতিতে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়টি ভারত-বাংলাদেশ সম্পর্কের গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

তবে এসব বিষয়ে ঢাকা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর বাতিল বা স্থগিতের কোনো সিদ্ধান্ত জানায়নি। ফলে আগামী দিনে ঢাকা-দিল্লির কূটনৈতিক আলোচনার অগ্রগতি এবং ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্তের ওপরই সফরের বিষয়টি নির্ভর করছে।

সূত্র: দ্য ট্রিবিউন, এনডিটিভি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একযোগে অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা

একযোগে অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা

ভিক্ষুকের ব্যাগে ৫৬ লাখ টাকা নিয়ে যা জানা গেলো

ভিক্ষুকের ব্যাগে ৫৬ লাখ টাকা নিয়ে যা জানা গেলো

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৫ রিপার ধ্বংস, ক্ষতি ২২৫ কোটি ডলার

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৫ রিপার ধ্বংস, ক্ষতি ২২৫ কোটি ডলার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App