১৮ বছরের জঞ্জাল পাঁচ মাসে পরিষ্কার সম্ভব নয়: মুক্তিযুদ্ধমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৪:০৯ পিএম
ছবি : সংগৃহীত
গত ১৮ বছরের সংকট ও জঞ্জাল মাত্র পাঁচ মাসে নয়, ১৮ মাসেও পুরোপুরি দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। এ জন্য সরকারকে সময় দেওয়ার পাশাপাশি ধৈর্য ধরে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বেগম খালেদা জিয়া স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, দীর্ঘদিনের সংকট একসঙ্গে সমাধান করা সম্ভব নয়। সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে। দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজ চলছে এবং সরকার এক মুহূর্তের জন্যও বসে নেই।
আরও পড়ুন: পারস্পরিক সহযোগিতায় বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী
তিনি বলেন, দেশের স্বার্থে সরকারের কাজে সহযোগিতা করতে হবে এবং ধৈর্য ধরতে হবে।
মুক্তিযুদ্ধমন্ত্রী জানান, গত ১৮ বছরে রাজনৈতিক কারণে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাদের পুনরায় মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধারা যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হলে তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গে তিনি বলেন, অনেক প্রকৃত জুলাই যোদ্ধা আন্দোলনে অংশ নিলেও এখনো গেজেটভুক্ত হননি। তাদের গেজেটভুক্তির জন্য আবেদন প্রক্রিয়া আবারও উন্মুক্ত করা হয়েছে। প্রকৃত জুলাই যোদ্ধারা নতুন করে আবেদন করতে পারবেন। যাচাই-বাছাই শেষে তাদের গেজেটভুক্ত করার ব্যবস্থা করা হবে।
আহমেদ আযম খান আরও জানান, গত ১৮ বছরে হত্যা, নির্যাতন ও নিপীড়নের শিকার বিএনপির নেতাকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের মূল্যায়নের জন্য নতুন একটি অধিদপ্তর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: শিক্ষকদের প্রাপ্য টাকা তুলতে ঘুষ জাতির দীনতার প্রকাশ: প্রধানমন্ত্রী
দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, লবিং, গ্রুপিং ও দলাদলি পরিহার করতে হবে। কোনো বিষয়ে মতভেদ দেখা দিলে নিজেদের মধ্যে আলোচনা করে তা সমাধান করতে হবে।
অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য শিরীন সুলতানা, সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশীতা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি জামাল উদ্দিন খান মিলনসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
