স্লিপার বাস নিয়ে মালিকদের সঙ্গে বসবে বিআরটিএ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৫:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
স্লিপার বাস চলাচল নিয়ে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির দাবিগুলো নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান। তবে এ ক্ষেত্রে প্রচলিত আইন অনুসরণের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।
রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ সদর দফতরে স্লিপার বাস মালিক সমিতির স্মারকলিপি গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিআরটিএ চেয়ারম্যান।
আরও পড়ুন: নবম পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
মোহাম্মদ হাবীবুর রহমান বলেন, সমিতির স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। আইনের বিষয়ে কোনো দ্বিমতের সুযোগ নেই এবং আইন বাস্তবায়নে বিআরটিএ কঠোর অবস্থানে রয়েছে। দেশের প্রচলিত আইন সবার জন্য সমান এবং প্রত্যেক নাগরিকেরই তা মেনে চলা উচিত। স্মারকলিপিতে উত্থাপিত বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।
স্লিপার বাস বন্ধ না করে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করার মালিকদের দাবির বিষয়ে তিনি বলেন, স্লিপার বাসসহ যেকোনো ধরনের সংস্কার বা পরিবর্তনের বিষয় নিয়ে মালিকদের সঙ্গে বসে তাদের বক্তব্য শোনা হবে। এরপর আইন অনুযায়ী বিআরটিএর পক্ষ থেকে যতটুকু ব্যবস্থা নেওয়া সম্ভব, তা করা হবে।
আরও পড়ুন: স্লিপার বাস নিয়ে মালিকদের সঙ্গে বসবে বিআরটিএ
তিনি আরও বলেন, দেশের যেকোনো নাগরিক বা সংগঠন তাদের দাবি ও বক্তব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে পারেন। বিআরটিএও তাদের বক্তব্য শুনবে। তবে আইন লঙ্ঘন করে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। আইন মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং মালিকদেরও আইন অনুসরণ করতে হবে।
এর আগে স্লিপার বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার এবং এ ধরনের বাসের জন্য সুনির্দিষ্ট নীতিমালা তৈরির দাবিতে বিআরটিএ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেয় বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতি।
আরও পড়ুন: চলতি সপ্তাহে টানা ৪ দিনের ছুটি, যেভাবে পাবেন
সমিতির নেতারা স্লিপার বাস পুরোপুরি বন্ধ না করে আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে কারিগরি ও নিরাপত্তাবিষয়ক কাঠামো নির্ধারণ করে এগুলো চলাচলের সুযোগ দেওয়ার দাবি জানান।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, স্লিপার বাস খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এ খাতের সঙ্গে চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ হাজার হাজার শ্রমিকের জীবিকা সরাসরি জড়িত। তাই স্লিপার বাসের জন্য কার্যকর নিয়ন্ত্রক কাঠামো প্রণয়ন করে সেগুলো চলাচলের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
