×

জাতীয়

প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি: টিআইবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৭:৫৩ পিএম

প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি: টিআইবি

ছবি : সংগৃহীত

জনস্বার্থে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সংবাদকর্মীরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে সুনির্দিষ্ট প্রশ্ন করেছিলেন। তবে সরাসরি উত্তর না দিয়ে তিনি পাল্টা প্রশ্ন করায় বিষয়টিকে জনগণের তথ্য জানার অধিকারের জন্য হুমকি হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে এ ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানায় সংস্থাটি। টিআইবির ভাষ্য, সংশ্লিষ্ট তথ্য জানতে চাওয়ায় প্রতিমন্ত্রী যেভাবে ক্ষোভ ও বিদ্বেষমূলকভাবে সাংবাদিকদের চ্যালেঞ্জ করেছেন, তা পতিত কর্তৃত্ববাদী আমলের ‘শুট দ্য মেসেঞ্জার’ চর্চার দৃষ্টান্ত।

টিআইবি বলছে, টেকনোক্র্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারী কাউকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া সংবিধানসম্মত কি না- এ বিষয়ে প্রতিমন্ত্রীর স্বচ্ছভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করা প্রয়োজন। কিন্তু সাংবাদিকরা এ নিয়ে সুনির্দিষ্ট প্রশ্ন করলেও তিনি সরাসরি কোনো উত্তর দেননি।

আরও পড়ুন: গ্যাস সংকট কাটাতে কতদিন লাগবে, জানালেন ডা. জাহেদ

সংস্থাটির মতে, জনস্বার্থে তথ্য জানতে চাওয়া সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে তাদের উদ্দেশে ক্ষোভ বা বিদ্বেষমূলক মন্তব্য করা মুক্ত গণমাধ্যম, স্বাধীন সাংবাদিকতা এবং জনগণের তথ্য জানার অধিকারের জন্য হুমকিস্বরূপ।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিবৃতিতে বলেন, টেকনোক্র্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ অসাংবিধানিক। সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্য নন এমন কাউকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে হলে তাকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে।

অন্যদিকে সংবিধানের ৬৬(২)(গ) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে বা সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য হন।

আরও পড়ুন: ৪৮তম বিশেষ বিসিএসে ১৮৪ জনের নিয়োগ

এ কারণে দ্বৈত নাগরিকত্ব বহাল থাকা অবস্থায় টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়টি সাংবিধানিক প্রশ্ন তৈরি করে বলে মনে করছে টিআইবি। সংস্থাটির মতে, এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার না করেই দায়িত্ব গ্রহণ করায় প্রতিমন্ত্রী নিজেই প্রশ্নের মুখে পড়েছেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, সাংবাদিকরা যখন বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন, তখন প্রতিমন্ত্রী সরাসরি জবাব না দিয়ে ‘কে নিউজ করছে’ এবং ‘কার এত জ্বালা’ -এ ধরনের পাল্টা প্রশ্ন করেছেন। তার মতে, এ ধরনের আচরণ পতিত কর্তৃত্ববাদী আমলের ‘শুট দ্য মেসেঞ্জার’ সংস্কৃতিরই প্রতিফলন।

তিনি বলেন, সংবাদটি কে করেছে বা কে প্রশ্ন তুলেছে, সেটি মূল বিষয় নয়। মূল প্রশ্ন হলো- প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার সময় তার বিদেশি নাগরিকত্ব বহাল ছিল কি না। এমন স্পষ্ট সাংবিধানিক ও জনস্বার্থসংশ্লিষ্ট প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া তার দায়িত্ব।

সাংবাদিকদের প্রশ্নকে হুমকি হিসেবে না দেখার আহ্বান জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জবাবদিহিমূলক সুশাসনের প্রত্যাশায় রাজনৈতিক পরিবর্তনের পর জনগণের তথ্য জানার অধিকার এবং জনস্বার্থের বিষয়ে প্রশ্ন করার সুযোগ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আরও পড়ুন: সংস্কার কার্যক্রমে ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের কাছ থেকে তথ্যভিত্তিক ও সরাসরি বক্তব্য প্রত্যাশিত উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনীয় প্রমাণ প্রকাশের মাধ্যমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বচ্ছতা ও জবাবদিহির দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন। কিন্তু তা না করে দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রতিবেদন করা গণমাধ্যম ও প্রশ্ন তোলা সাংবাদিকদের প্রতি ক্ষোভ প্রকাশ এবং পাল্টা প্রশ্ন করা একজন প্রতিমন্ত্রীর জন্য শোভনীয় নয়।

টিআইবির মতে, এ ধরনের প্রতিক্রিয়া সংশ্লিষ্ট সাংবাদিকদের ওপর অযাচিত চাপ তৈরির পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রেও ‘চিলিং ইফেক্ট’ তৈরি করতে পারে। এর ফলে ক্ষমতাসীন বা রাষ্ট্রীয় দায়িত্বে থাকা ব্যক্তিদের অস্বস্তিকর বিষয়ে প্রশ্ন করাকে ঝুঁকিপূর্ণ মনে করার প্রবণতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদকে ঘিরে দ্বৈত নাগরিকত্বের বিতর্কের আন্তর্জাতিক প্রভাবও রয়েছে বলে মনে করে টিআইবি। এ কারণে সরকারের পক্ষ থেকে অবিলম্বে প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্বের প্রকৃত অবস্থা সম্পর্কে সঠিক ও প্রামাণ্য তথ্য প্রকাশের দাবি জানিয়েছে সংস্থাটি।

একই সঙ্গে তার নিয়োগের সাংবিধানিক বৈধতা নিয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি। পাশাপাশি সরকারের অন্য কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সমমর্যাদার দায়িত্বশীল ব্যক্তির দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন থাকলে, স্বচ্ছতা ও সাংবিধানিক জবাবদিহির স্বার্থে তাদের অবস্থান ও প্রামাণ্য তথ্যও জনসমক্ষে প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

যশোর রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

‘তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব’ -সাংবাদিকদের মারধরের পর যুবদল নেতার হুমকি

‘তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব’ -সাংবাদিকদের মারধরের পর যুবদল নেতার হুমকি

স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে

স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে

পুলিশ-র‍্যাব-ডিএমপি-পিবিআই-সিআইডিতে বড় রদবদল

পুলিশ-র‍্যাব-ডিএমপি-পিবিআই-সিআইডিতে বড় রদবদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App