×

জাতীয়

হরমুজ সংকটে বাংলাদেশে কাতারের এলএনজি সরবরাহ অনিশ্চিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পিএম

হরমুজ সংকটে বাংলাদেশে কাতারের এলএনজি সরবরাহ অনিশ্চিত

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সেপ্টেম্বরের পরও বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতারএনার্জি। একই কারণে পাকিস্তান ও ইউরোপের কয়েকটি ক্রেতাকেও এলএনজি কার্গো বাতিলের নোটিস দেওয়া হয়েছে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়ায় বাংলাদেশে এলএনজি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা আরও দীর্ঘায়িত হয়েছে। কাতারএনার্জি ‘ফোর্স মেজার’ পরিস্থিতির কথা উল্লেখ করে সেপ্টেম্বরের পরও চুক্তির আওতায় বাংলাদেশে এলএনজি সরবরাহের বাধ্যবাধকতা থেকে ছাড়ের সময়সীমা বাড়িয়েছে।

ব্লুমবার্গ ও রয়টার্সের প্রতিবেদনের বরাতে দোহা নিউজ জানিয়েছে, কাতারএনার্জি বাংলাদেশে এলএনজি সরবরাহের ক্ষেত্রে নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতিকে ‘ফোর্স মেজার’ হিসেবে দেখছে।

ইতালিতেও এলএনজি কার্গো বাতিল

কাতারএনার্জির সরবরাহ সংকট শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নেই। ইতালির জ্বালানি কোম্পানি এডিসন শুক্রবার জানিয়েছে, কাতারএনার্জি তাদের আরও পাঁচটি এলএনজি কার্গো সরবরাহ স্থগিত করেছে।

আরও পড়ুন: ফারাক্কা চুক্তি নবায়নে কেন সতর্কবার্তা দিল পশ্চিমবঙ্গ

এই কার্গোগুলো সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের শুরুর মধ্যে ইতালির অ্যাড্রিয়াটিক এলএনজি টার্মিনালে পৌঁছানোর কথা ছিল।

পাকিস্তানকেও অক্টোবর পর্যন্ত এলএনজি কার্গো বাতিলের কথা জানিয়েছে কাতারএনার্জি। ইউরোপের আরও কয়েকটি ক্রেতা একই ধরনের নোটিস পেয়েছে।

কেন বন্ধ কাতারের এলএনজি সরবরাহ?

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর গত ৪ মার্চ কাতারএনার্জি তাদের এলএনজি কার্যক্রম স্থগিত করে ‘ফোর্স মেজার’ ঘোষণা করে। এরপর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের পরিস্থিতির উন্নতি না হওয়ায় সেই সিদ্ধান্ত একাধিকবার বাড়ানো হয়েছে।

এর আগে মার্চে কাতারএনার্জির রাস লাফান স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলায় অবকাঠামোর ক্ষতি হয়। কাতারএনার্জির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং দেশটির জ্বালানি প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবি জানিয়েছিলেন, ওই হামলায় কাতারের এলএনজি রপ্তানি সক্ষমতা ১৭ শতাংশ কমে যায়।

জুলাইয়ে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় কাতারের এলএনজি ট্যাংকার ‘আল রেক্কায়াত’ হামলার শিকার হয়। এ ঘটনার জন্য ইরানকে দায়ী করে কাতার। হামলায় জাহাজটির বাম পাশ ক্ষতিগ্রস্ত হলেও ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

এর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে কাতারের নিয়মিত এলএনজি পরিবহন কার্যত বন্ধ রয়েছে।

১৮ কার্গো রপ্তানি, আগের বছর ছিল ৫০৯

ইউরোনিউজের প্রতিবেদনে আইসিসের তথ্যের বরাতে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর প্রথম ছয় মাসে কাতার মাত্র ১৮টি এলএনজি কার্গো রপ্তানি করেছে। আগের বছরের একই সময়ে দেশটি ৫০৯টি কার্গো রপ্তানি করেছিল।

এতে কাতারের গ্যাস বিক্রি থেকে আয় কমেছে প্রায় ২৪ বিলিয়ন ডলার।

আরও পড়ুন: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বিকল্প উৎসে বাড়ছে এলএনজি সরবরাহ

কাতারের সরবরাহ ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্র ও কানাডাসহ কয়েকটি দেশ থেকে এলএনজি সরবরাহ বাড়ানো হয়েছে। একই সঙ্গে নাইজেরিয়া ও মালয়েশিয়াতেও উৎপাদন বাড়ানো হয়েছে।

তবে এসব বিকল্প উৎস থেকে সরবরাহ বাড়লেও কাতারের ঘাটতি পুরোপুরি পূরণ করা সম্ভব হয়নি। পরিস্থিতি সামাল দিতে এশিয়ার কয়েকটি দেশ এলএনজি ব্যবহার কমিয়ে বিকল্প জ্বালানির দিকে যাওয়ার চেষ্টা করছে। ইউরোপের দেশগুলোও নিজেদের মজুত থেকে গ্যাসের ব্যবহার বাড়িয়েছে।

বাংলাদেশের জন্য কাতারের এলএনজি সরবরাহ দীর্ঘায়িতভাবে ব্যাহত হওয়ায় দেশের জ্বালানি সরবরাহ ও আমদানি ব্যবস্থাপনায় বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ

ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ৫

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ৫

মব অনেকাংশেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী মব অনেকাংশেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে সরকার

মেসির শূন্যস্থান পূরণে আলোচনায় যে ৪ জন

মেসির শূন্যস্থান পূরণে আলোচনায় যে ৪ জন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App