×

জাতীয়

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পিএম

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার যাত্রীদের দ্রুত এবং স্বাচ্ছন্দ্যময় যোগাযোগ নিশ্চিত করতে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে এ ট্রেন চলাচল করবে। ২০৩১ সালের মধ্যে এই নতুন পরিবহনব্যবস্থা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩ হাজার ৮২২ কোটি টাকা ব্যয়ে ইলেকট্রিক ট্রেন চালুর প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

এদিন তিনটি মেট্রোরেল প্রকল্পসহ মোট ১২টি প্রকল্প অনুমোদন করেছে একনেক। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা।

সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ইলেকট্রিক ট্রেন প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, জয়দেবপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে কমিউটার ট্রেনের আদলে ইলেকট্রিক ট্রেন চালানো হবে। ব্যবস্থাটির সঙ্গে মেট্রোরেলের কিছুটা মিল থাকবে। ট্রেনটি একাধিক স্টেশনে থামবে এবং মূলত সাধারণ যাত্রীদের দ্রুত চলাচলের সুবিধা দেওয়াই হবে এর উদ্দেশ্য।

তবে এ ট্রেনের জন্য আলাদা কোনো মেট্রোরেল ট্র্যাক নির্মাণ করা হবে না। বিদ্যমান রেলপথের ওপর দিয়েই ইলেকট্রিক ট্রেন পরিচালনা করা হবে।

প্রতিমন্ত্রী জানান, ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের উপযোগী ডুয়েলগেজ রেলপথ নির্মাণের কাজ এগিয়ে চলছে। সংশ্লিষ্ট প্রকল্পের প্রায় ৭০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

তিনি বলেন, ইলেকট্রিক ট্রেনের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। ফলে এটি বুলেট ট্রেনের মতো ৩০০ কিলোমিটার গতিতে চলবে না। তবে প্রচলিত রেলপথে চলাচলকারী ট্রেনগুলোর তুলনায় এর গতি বেশি হবে।

ঢাকা, নারায়ণগঞ্জ ও জয়দেবপুরের মধ্যে প্রতিদিন যাতায়াতকারী মানুষেরাই এ ট্রেন চালু হলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন। বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও নিয়মিত যাত্রীদের জন্য দ্রুত যাতায়াতের সুযোগ তৈরি হবে। একাধিক স্টেশনে বিরতি থাকায় রুটের বিভিন্ন এলাকার যাত্রীরাও এ সেবা নিতে পারবেন।

জোনায়েদ সাকি জানান, জয়দেবপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ সফল হলে ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম রুটেও এ ধরনের ট্রেন চালুর সুযোগ তৈরি হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ট্র্যাক নির্মাণের প্রকল্পও রয়েছে।

দেশে শুধু ইলেকট্রিক ট্রেন চালু করাই নয়, এ প্রযুক্তির প্রয়োজনীয় সক্ষমতা ও দক্ষতা দেশেই গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রতিবেশী ভারতসহ বিভিন্ন দেশ এ ক্ষেত্রে সক্ষমতা অর্জন করেছে। বাংলাদেশেও একই ধরনের সক্ষমতা তৈরির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে অনুযায়ী প্রকল্প প্রণয়নের কাজ চলছে।

সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০৩১ সালে ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে ইলেকট্রিক ট্রেন চলাচল শুরু হবে। এতে রাজধানীর সঙ্গে আশপাশের গুরুত্বপূর্ণ এলাকার যোগাযোগব্যবস্থায় নতুন একটি মাত্রা যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App