মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশের জরুরি নির্দেশনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
সড়ক দুর্ঘটনা কমানো ও যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে মোটরসাইকেল ও গাড়ির চালক-আরোহীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। একই সঙ্গে ট্রাফিক আইন মেনে দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পুলিশের নির্দেশনায় বলা হয়েছে, মোটরসাইকেলে চালক ও আরোহী উভয়কেই মানসম্মত হেলমেট পরতে হবে। চালকসহ সর্বোচ্চ দুজন মোটরসাইকেলে চলাচল করতে পারবেন। চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করা এবং অপ্রয়োজনে উচ্চশব্দের বা হাইড্রোলিক হর্ন বাজানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।
নির্ধারিত গতিসীমা ও ট্রাফিক সিগন্যাল মেনে চলার পাশাপাশি ভারী যানবাহনের চলাচল সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। বিশেষ করে বড় যানবাহনের ব্লাইন্ড স্পট সম্পর্কে সচেতন থাকতে বলা হয়েছে, যাতে দুর্ঘটনার ঝুঁকি কমে।
টার্ন বা মোড় নেওয়া এবং লেন পরিবর্তনের আগে যথাসময়ে ইন্ডিকেটর লাইট ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।
ঝড়, বৃষ্টি, কুয়াশাসহ প্রতিকূল আবহাওয়ায় গতি কমিয়ে বাড়তি সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর পরামর্শ দিয়েছে পুলিশ। যানজট বা অন্য চালকের ভুলের কারণে ধৈর্য হারিয়ে মেজাজ না হারানোর বিষয়েও সতর্ক করা হয়েছে।
পুলিশের নির্দেশনায় আরও বলা হয়েছে, মাদকাসক্ত, তন্দ্রাচ্ছন্ন বা অসুস্থ অবস্থায় গাড়ি চালানো যাবে না। একইভাবে কোনো অবস্থাতেই উল্টো পথে যানবাহন চালানো থেকে বিরত থাকতে হবে।
মহাসড়কে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এড়িয়ে নিজস্ব লেনে চলাচল এবং যানবাহনের প্রয়োজনীয় হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখার জন্য চালকদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
