দীনেশ ত্রিবেদী
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের সরকারপ্রধানের জন্য সুবিধাজনক ও উপযুক্ত সময়েই এই সফর এবং শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান তিনি।
প্রায় ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক সম্পর্কে সন্তোষ প্রকাশ করে দীনেশ ত্রিবেদী বলেন, "হুমায়ুন কবিরের সঙ্গে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তবে আজকের বৈঠকে সুনির্দিষ্ট কোনো ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি।"
আরও পড়ুন: রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার স্পষ্ট করেন যে, ভারতের পক্ষ থেকে আমন্ত্রণ এখনো উন্মুক্ত রয়েছে। তবে দুই দেশের প্রধানমন্ত্রী যখনই সময়োপযোগী মনে করবেন, তখনই সফরটি সম্পন্ন হবে; এক্ষেত্রে যথাযথ সময় দেওয়া প্রয়োজন।
এদিকে, বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে ভারতের সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
