শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়: তথ্য উপদেষ্টা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি সরকার বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় ইস্যু হিসেবেই দেখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ শেখ হাসিনাকে দেশে ফেরত চায়। এ বিষয়ে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চলছে। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে থাকা মামলা ও রায়ের বিষয়গুলোও আলোচনায় রয়েছে বলে জানান তিনি।
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অব্যাহত আছে। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
তিনি আরও জানান, ভারতের হাইকমিশনারের সঙ্গে তার বৈঠকেও শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে। সরকারের দায়িত্বশীল অন্যান্য ব্যক্তিদের সঙ্গে ভারতীয় প্রতিনিধিদের বৈঠকেও বিষয়টি আলোচনায় আসছে বলে জানান তিনি।
শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা প্রয়োজন আছে কি না—এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সরকার বিষয়টিকে মূলত বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বিষয় হিসেবেই বিবেচনা করছে। এ ক্ষেত্রে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই বলেও জানান তিনি।
