সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫০ এএম
ছবি : সংগৃহীত
আসন্ন দুর্গাপূজার ছুটি টানা পাঁচ দিন করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত কর্মদিবস হিসেবে অফিস করতে হবে।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এক দিনের অতিরিক্ত সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। পূর্বনির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন।
সরকারের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীতে সরকারি ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার অতিরিক্ত ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে।
ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি ভোগ করবেন কর্মকর্তা-কর্মচারীরা।
তবে এই টানা ছুটি নিশ্চিত করতে ১৭ অক্টোবর শনিবারকে কর্মদিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে। ওই দিন সরকারি অফিস-আদালত নিয়মিত কার্যক্রম চলবে।
এদিকে, চলতি বছর ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
অতিরিক্ত এক দিনের সরকারি ছুটির কারণে এবার দুর্গাপূজায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে।
