আটকের আগে পুলিশকে যা বললেন অভিজিৎ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:২২ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে যোগ দিতে গিয়ে বিমানবন্দরেই আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা। আটক নেতারা হলেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।
শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ দিল্লিতে অবতরণের কয়েক মিনিটের মধ্যেই এ ঘটনা ঘটে। দিল্লি পুলিশের একটি দল উড়োজাহাজের ভেতরে প্রবেশ করে তিন নেতাকে আটক করে। ওই দলে নারী পুলিশ সদস্যের সংখ্যাই বেশি ছিল বলে জানা গেছে।
বাণিজ্যিক উড়োজাহাজের ভেতরে পুলিশের এমন অভিযান দেখে বিস্মিত হন যাত্রীরা। তাদের অনেকে মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলার সময় উত্তেজিত ছিলেন অভিজিৎ দীপকে। এ সময় তিনি কর্মকর্তাদের বলেন, ‘আমি গ্রেফতার হতেই এসেছি।’
তিন নেতাকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে সিজেপি। দলটির দাবি, এই পদক্ষেপ কর্তৃত্ববাদী আচরণ এবং চলাচলের স্বাধীনতার প্রকাশ্য লঙ্ঘন।
শনিবার দেওয়া এক বিবৃতিতে সিজেপি জানায়, বিক্ষোভস্থলে নেতাদের পৌঁছাতে বাধা দেওয়ার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে তাদের আটক করা হয়েছে। দলটির অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভের নেতৃত্বকে দুর্বল করে কর্মসূচি ভেস্তে দেওয়াই ছিল এ পদক্ষেপের মূল উদ্দেশ্য।
বিবৃতিতে আটক তিন নেতাকে অবিলম্বে ও নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে দলটি।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি।
শনিবার দিল্লির যন্তর মন্তরে কর্মসূচিটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কার কথা জানিয়ে দিল্লি পুলিশ আগেই বিক্ষোভের অনুমতি প্রত্যাখ্যান করে।
বিক্ষোভে অংশ নিতে দিল্লিতে পৌঁছানোর পর উড়োজাহাজের ভেতরেই তিন নেতাকে আটকের ঘটনায় নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। সিজেপি একে শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের চেষ্টা বলে অভিযোগ করেছে। তবে এ বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
