বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১০:৫৩ এএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ সম্পর্কে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ভুল ধারণা দূর হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম সম্মেলনে অংশগ্রহণ শেষে রোববার (১১ অক্টোবর) দেশে ফিরে তিনি এ কথা জানান।
গত ৫ অক্টোবর আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি এ দায়িত্ব বুঝে নেন।
একই দিন আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি। এ অর্জন আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। প্রতিনিধি দলে আরও ছিলেন সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ ই সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।
স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধি দল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের অভ্যর্থনা জানান।
উল্লেখ্য, আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এ গ্রুপের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের স্পিকারের দায়িত্ব গ্রহণ এবং নির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধির অন্তর্ভুক্তি আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে দেশের ভূমিকা আরও জোরালো করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
