রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৩:২১ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আ এন এম আয়াশ (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।
ডিসি শেখ জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরও বলেন, মামলায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টা এবং উসকানিমূলক বক্তব্যের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।
এর আগে, শনিবার (১০ অক্টোবর) এ ঘটনায় চারজনকে আটক করে শাহবাগ থানা-পুলিশ।
