সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০২:৫০ পিএম
ছবি : সংগৃহীত
এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে সারা দেশে দুই দিন গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সব সিলিন্ডারের দোকান বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি সেলিম খান।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংগঠনটির সভাপতি সেলিম খান বলেন, গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ ও সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা বারবার হয়রানির শিকার হচ্ছেন। এর প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে সব সিলিন্ডারের দোকান বন্ধ রাখা হবে। ব্যবসায়ীদের দাবি-দাওয়া মেনে নেওয়া না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিম অভিযোগ করেন, মাত্র পাঁচটি কোম্পানির হাতে এলপিজি সিলিন্ডারের বাজার ও বিপণনব্যবস্থা জিম্মি হয়ে পড়েছে। এসব কোম্পানির মাধ্যমে একতরফাভাবে এলপিজির দাম বাড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা
সর্বশেষ গত ৪ অক্টোবর এলপিজির দাম বাড়ানো হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে। একই সঙ্গে অন্যান্য ওজনের সিলিন্ডারের দামও বাড়ানো হয়।
তবে ব্যবসায়ী ও ভোক্তাদের অভিযোগ, সরকার নির্ধারিত দামে অনেক জায়গায় এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে কোথাও কোথাও ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা, এমনকি ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।
এ অবস্থায় ব্যবসায়ীদের ধর্মঘটের ঘোষণায় বৃহস্পতিবার ও শুক্রবার এলপিজি সিলিন্ডার কেনাবেচা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
