আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত ছাড়িয়েছে এক লাখ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৬:২১ পিএম
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন।
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১১ দিনে মারা গেছেন ৬২ জন। এ ছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি— প্রতি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: দিল্লির পরিস্থিতি নিয়ে যা বললেন শামা ওবায়েদ
বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ১৬৭ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৪৪২ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৪২৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৯৫ হাজার ৩৩১ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮৭১ জন। এ ছাড়া খুলনায় ২৯৮ জন, চট্টগ্রামে ২৮৭ জন, রাজশাহীতে ২৫৩ জন, বরিশালে ২৪৩ জন, ময়মনসিংহে ১০২ জন এবং রংপুরে ৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
