রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:২২ পিএম
ফাইল ছবি
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
সোমবার (১২ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।
স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।
আরও পড়ুন: সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা
এদিকে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের একের পর এক হামলার কারণে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে সৌদি আরবগামী বাংলাদেশি প্রবাসী ও অন্যান্য যাত্রীদের যাতায়াত ব্যাহত হচ্ছে।
গত শনিবার থেকে ঢাকা থেকে রিয়াদগামী কোনো ফ্লাইট বিমানবন্দরটিতে যাচ্ছে না। পাশাপাশি রিয়াদের সঙ্গে ঢাকা থেকে দাম্মামগামী ফ্লাইট চলাচলও বন্ধ রয়েছে। ফলে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের আকাশপথের যোগাযোগে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।
