×

জাতীয়

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৭ এএম

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের

ছবি : সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের দেশে থাকা অর্থ-সম্পদ ও অধিকার সুরক্ষা এবং বিভিন্ন আইনি জটিলতা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষায়িত আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, বিভাগীয় সদর দপ্তরগুলোতে এসব আদালত গঠন করা হতে পারে। এ বিষয়ে প্রস্তাবের খসড়া তৈরির কাজ চলছে। জনপরামর্শ শেষে আগামী সংসদীয় অধিবেশনে প্রস্তাবটি উত্থাপনের চিন্তাভাবনা করছে সরকার।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘সোনার মানুষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রবাসীদের আইনি সহায়তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরার পাশাপাশি শ্রমিকদের অধিকার রক্ষা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি শ্রম রপ্তানি। তবে অন্য দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশের কর্মীরা অনেক ক্ষেত্রে শ্রমের ন্যায্য মূল্য পাচ্ছেন না। এর পেছনে অসাধু ব্যবসায়ীদের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ বৈষম্য কমাতে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী।

শ্রমের ন্যায্য মূল্য পাচ্ছেন না অনেক প্রবাসী

প্রবাসী শ্রমিকদের দৈনন্দিন দুর্ভোগের চিত্র তুলে ধরে আসাদুজ্জামান বলেন, অনেক শ্রমিককে সকালে বাথরুম ব্যবহারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। এরপর কাজের উদ্দেশ্যে দুই ঘণ্টা আগেই রওনা দিতে হয়। সারাদিন কাজ শেষে সন্ধ্যা ৮টা বা ৯টার দিকে বাসায় ফিরে পরিবারের সঙ্গে কথা বলা, রান্না ও অন্যান্য কাজ করতে হয়। এত পরিশ্রমের পরও অনেক ক্ষেত্রে তারা অন্য দেশের শ্রমিকদের তুলনায় কম মজুরি পান। শ্রমের মূল্য নির্ধারণে এ বৈষম্য কমাতে উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

প্রবাসীদের বিভিন্ন সংকটের জন্য নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও অসাধু ব্যবসায়ীদের দায়ী করেন আইনমন্ত্রী। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে অনেক প্রবাসীর ভিসা বাতিল এবং অনেকের ভিসা নবায়নের প্রক্রিয়া চলমান থাকার বিষয়টি তুলে ধরেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, এরই মধ্যে পাঁচ হাজার ভিসা বাতিল হয়েছে।

তিনি বলেন, কিছু নিয়োগকারী প্রতিষ্ঠানের মাধ্যমে জমা দেওয়া নথিতে অসংগতি পাওয়া যাচ্ছে। এমনকি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সনদ জমা দেওয়ার ঘটনাও ঘটছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এসব নথির সত্যতা যাচাই করা সম্ভব হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিচ্ছে। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

২৪ ঘণ্টা আইনি সহায়তার উদ্যোগ

প্রবাসীদের আইনি সহায়তা নিশ্চিত করতে আইন মন্ত্রণালয়ের উদ্যোগের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষ ও তাদের সন্তানরা দেশে কোনো আইনি সমস্যায় পড়লে জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে ২৪ ঘণ্টা আইনি সহায়তা দেওয়ার কর্মসূচি চালু করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় প্রাথমিক আইনি পরামর্শ দেওয়ার পাশাপাশি মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে প্রবাসীদের আইনি জটিলতা ও হয়রানি কমবে বলে আশা করছে সরকার।

সম্পত্তি নিয়ে বিরোধ নিষ্পত্তিতে বিশেষ আদালত

বিশেষায়িত আদালত গঠনের পরিকল্পনার ব্যাখ্যায় আসাদুজ্জামান বলেন, প্রবাসীরা বিদেশে কঠোর পরিশ্রম করে দেশে অর্থ পাঠান। কিন্তু দেশে ফিরে অনেক সময় পরিবারের সদস্যদের কাছে অর্থ ফেরত চাওয়া কিংবা নিজেদের সম্পত্তি নিয়ে বিরোধের মুখে পড়েন। এসব বিরোধ নিষ্পত্তি করতে তাদের বিদেশে বসেই আইনজীবীদের মাধ্যমে বছরের পর বছর মামলা চালাতে হয়।

অনেক ক্ষেত্রে মামলার নিষ্পত্তি দেখে যেতে পারেন না প্রবাসীরা। পরে তাদের উত্তরাধিকারীদের সেই মামলা চালিয়ে যেতে হয়। এ ধরনের দুর্ভোগ কমাতে প্রবাসীদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব এসেছে বলে জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ শ্রমিকদের জন্য শ্রম আদালত ও শ্রম আইন রয়েছে। তবে প্রবাসীদের দেশে থাকা অর্থ-সম্পদ এবং অন্যান্য আইনি বিরোধ নিষ্পত্তির জন্য পৃথক বিশেষায়িত আদালত প্রয়োজন। পরিকল্পনা অনুযায়ী, বিভাগীয় সদর দপ্তরগুলোতে এসব আদালত গঠন করা হতে পারে। প্রবাসীদের বিভিন্ন ধরনের মামলা নিষ্পত্তির জন্য নির্দিষ্ট এখতিয়ার নিয়ে আদালতগুলো কাজ করবে।

তিনি আরও বলেন, আদালত গঠনের বিষয়ে খসড়া তৈরির কাজ চলছে। সংশ্লিষ্টদের সঙ্গে জনপরামর্শ দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে। চলতি সংসদীয় অধিবেশনে প্রস্তাবটি উত্থাপন করা সম্ভব না হলে পরবর্তী অধিবেশনে তা উপস্থাপনের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়নে অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন রামরুর সহযোগিতাও কামনা করেন তিনি।

শ্রমিকদের অধিকার রক্ষায় রামরুর ভূমিকার প্রশংসা

অনুষ্ঠানে রামরুর ভূমিকার প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, গত ৩০ বছর ধরে সংগঠনটি শ্রমিকদের স্বার্থ ও অধিকার রক্ষায় কাজ করছে। শ্রমিকদের কল্যাণ এবং নীতিনির্ধারণের ক্ষেত্রে সংগঠনটির স্বচ্ছতা বজায় রাখার প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি। ভবিষ্যতেও শ্রমিকদের অধিকার রক্ষায় রামরুর ইতিবাচক উদ্যোগের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন আইনমন্ত্রী।

তিনি আশা প্রকাশ করেন, গত ৩০ বছরের অভিজ্ঞতা আগামী ১০০ বছরে পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়বে। ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হবে, যাতে বাংলাদেশের শ্রমিকরা দেশে ফিরে কর্মসংস্থানের সুযোগ পাবেন। একই সঙ্গে অন্য দেশ থেকেও শ্রমিক আনার সক্ষমতা বাংলাদেশের তৈরি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের

সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে যা বলা হয়েছে

সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে যা বলা হয়েছে

মধ্যরাতে নারী চিকিৎসককে হেনস্তার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে

মধ্যরাতে নারী চিকিৎসককে হেনস্তার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে

জামায়াত আমিরের রহস্যময় পোস্টের কারণ কী?

জামায়াত আমিরের রহস্যময় পোস্টের কারণ কী?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App