×

রাজনীতি

চার ক্যাম্পাসে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ

হাসপাতালে আহতদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৯:৪৯ পিএম

হাসপাতালে আহতদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

ছবি : সংগৃহীত

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসাসহ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে এবং সোমবার (৩ আগস্ট) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংঘটিত এসব ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন শিবির ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে হামলার অভিযোগ উঠেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের একটি মিছিল হাসপাতালের সামনে গেলে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি সেমিনারে প্রবেশকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড নিয়ে প্রবেশ করতে গেলে ছাত্রদলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। পরে সেমিনার শেষে শহীদ মিনারের সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: জবির সংঘর্ষের পর হাসপাতালে আহতদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

ঘটনায় জকসু ও ছাত্রশক্তির কয়েকজন নেতাকর্মী আহত হয়ে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা নেন। অন্যদিকে ছাত্রদলও তাদের কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার দাবি করেছে।

জকসুর ভিপি ও ছাত্রশিবির নেতা রিয়াজুল ইসলাম অভিযোগ করেন, প্রক্টোরিয়াল টিম শিক্ষার্থীদের প্রবেশে বাধা দেওয়ার পর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়ে শিক্ষার্থী ও জকসুর সদস্যদের মারধর করেন। তাকে টেনেহিঁচড়ে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহিন মিয়া অভিযোগ করেন, সেমিনার শেষে ছাত্রদলের নেতাকর্মীরা জকসুর ভিপি, জিএস, এজিএস এবং ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখসহ কয়েকজনকে মারধর করেন।

তবে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ইউজিসির চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রশিবির ও তাদের সহযোগী সংগঠন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে পরিস্থিতির অবনতি ঘটে। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীও আহত হয়েছেন।

ঢাকা কলেজ

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পাল্টাপাল্টি ধাওয়ার পর ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল করেন।

ছাত্রশিবিরের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গ্যালারি-২-এ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতির সময় ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালান। এতে কয়েকজন আহত হন। আহতদের মধ্যে শাখা অফিস সম্পাদক আব্দুল মালেক মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে ঢাকা কলেজ ছাত্রদলের দাবি, শিবিরের বহিরাগত নেতাকর্মীরা সকালে ক্যাম্পাসে জড়ো হয়ে উসকানিমূলক আচরণ করেন এবং ছাত্রদলের এক কর্মীকে মারধর করার পর সংঘর্ষের সূত্রপাত হয়।

আরও পড়ুন: ঢাকা আলিয়ায় ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, শিবির পরিকল্পিতভাবে হামলার চেষ্টা করেছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই তারা অবস্থান নিয়েছেন।

ঘটনার পর কলেজ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যাম্পাসে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা

বিকেলে রাজধানীর বকশীবাজারে অবস্থিত ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের কয়েকজন আহত হন।

আহত দুই ছাত্রদল নেতা হলেন মাদ্রাসার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ (৩০) এবং লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিছার উদ্দিন রাব্বি (২৭)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

আহতদের দাবি, তারা মাদ্রাসার শিক্ষার্থী নন; বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে শিবিরের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন। তাদের লাঠিসোঁটা দিয়ে মারধর এবং ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের তথ্য অনুযায়ী, সানাউল্লাহর দুই পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিছার উদ্দিন রাব্বির বাঁ পায়ে ইটের আঘাত এবং পড়ে গিয়ে বাঁ হাতে আঘাত লাগে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

হাসপাতালে হামলার অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে আহত শিবির ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের ওপর হামলার অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, বিকেল পৌনে ৫টার দিকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা হাসপাতালে প্রবেশ করে জরুরি বিভাগে চিকিৎসাধীন কয়েকজনকে মারধর করেন। এ সময় কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

এর আগে সোমবার (৩ আগস্ট) রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়।

ছাত্রশিবিরের অভিযোগ, তাদের নেতাকর্মীদের ওপর ছাত্রদল হামলা চালায়। অন্যদিকে ছাত্রদলের দাবি, প্রথমে তাদের ওপর হামলা করা হয়েছিল।

রাত ৮টার দিকে স্বাধীনতা স্মারক মাঠে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রদর্শনীতে থাকা একটি ব্যানার অপসারণকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা, পরে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে গাছের ডাল, চেয়ারসহ বিভিন্ন বস্তু ব্যবহার করে দুই পক্ষ একে অপরের ওপর হামলা চালায়।

এ ঘটনায় ছাত্রশিবির নেতা মেহেদী হাসান এবং ছাত্রদলের সহসভাপতি আশিকুর রহমান আহত হন। এছাড়া উভয় পক্ষের আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেন, এ ঘটনার পেছনে নিষিদ্ধ ছাত্রলীগের ইন্ধন থাকতে পারে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সব ঘটনার বিষয়ে তারা নজরদারি করছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শ্রমিকদের পাওনা মেটানোর নিশ্চয়তা চেয়ে বাংলাদেশ ব্যাংক ও বিডায় আবেদন

শ্রমিকদের পাওনা মেটানোর নিশ্চয়তা চেয়ে বাংলাদেশ ব্যাংক ও বিডায় আবেদন

জুলাইয়ের শহীদদের স্মরণে ঢাবিতে ইসলামী ছাত্রী সংস্থার ‘জুলাইয়ের নাজরানা’

জুলাইয়ের শহীদদের স্মরণে ঢাবিতে ইসলামী ছাত্রী সংস্থার ‘জুলাইয়ের নাজরানা’

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

‘মা জানতে চেয়েছিলেন আমি নগ্ন হয়েছি কি না’

‘মা জানতে চেয়েছিলেন আমি নগ্ন হয়েছি কি না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App