রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল? ‘কিছুই জানেন না’ বললেন নিজেই
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশ হলেও বিষয়টি সম্পর্কে তিনি নিজে কিছুই জানেন না বলে জানিয়েছেন।
রোববার (৯ আগস্ট) বিকেল থেকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। আগামী এক-দুই দিনের মধ্যে কিংবা ১২ আগস্ট এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও আলোচনা রয়েছে।
তবে এ বিষয়ে মির্জা ফখরুল নিজেই জানিয়েছেন, তিনি কিছু জানেন না।
আরও পড়ুন: রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিলো বিএনপি
এর আগে গত ১ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল জানিয়েছিলেন, রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দেওয়া হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী চট্টগ্রামে অবস্থান করছেন।
রোববার সন্ধ্যা ৭টার দিকে গণমাধ্যমে ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তার সঙ্গে যোগাযোগ করা হয়। এ সময় তিনি বিষয়টি অস্বীকার করেন।
রাষ্ট্রপতি পদে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। ব্যাপারটি আমার নলেজে নেই। দলের পক্ষ থেকেও আমাকে কিছু বলা হয়নি।’
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে রোববার দুপুরে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। দলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আরও পড়ুন: অলিকে রাষ্ট্রপতি প্রার্থী করার কারণ জানালেন শফিকুর রহমান
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে। আগ্রহী প্রার্থীরা ১৩ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
সংসদ সদস্যদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। একই সময়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল স্পিকারের দায়িত্ব পালন করছেন।
