রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিলো বিএনপি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৬:২৮ পিএম
ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দলের একাধিক জ্যেষ্ঠ নেতা।
রোববার (৯ আগস্ট) বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বিষয়টি নিশ্চিত করে জানান, মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করার বিষয়টি দলীয় চেয়ারম্যান মোটামুটি নিশ্চিত করেছেন।
তবে বিএনপির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান, রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত মূলত তারেক রহমানের ওপর নির্ভর করছে এবং তারা এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে তার সিদ্ধান্ত পাননি। তবে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন নেতা নিশ্চিত করেছেন, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকেই মনোনীত করা হয়েছে।
আরও পড়ুন: অলিকে রাষ্ট্রপতি প্রার্থী করার কারণ জানালেন শফিকুর রহমান
এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বিএনপি। রোববার সকালে নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটি।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলীয় রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের দায়িত্ব তারেক রহমানের হাতে দেয়। জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: প্রাথমিকে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ আগস্ট
নির্বাচন কমিশন আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে। প্রয়োজন হলে ওই দিন জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তবে মির্জা ফখরুলই যদি একমাত্র বৈধ প্রার্থী হন, তাহলে সংসদে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। সেক্ষেত্রে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি ঘোষণা করা হতে পারে।
বিএনপি মির্জা ফখরুলকে বেছে নেওয়ার কারণ কি
দলের ভেতরে দীর্ঘদিনের পরীক্ষিত নেতা হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিচিতি রয়েছে। একই সঙ্গে দলীয় পরিসরের বাইরে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যেও তার ইতিবাচক ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করে বিএনপির শীর্ষ নেতৃত্ব।
দলটির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা মনে করেন, এসব বিষয় বিবেচনায় নিয়েই মহাসচিব মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়ে সম্মান জানাতে চাইছে বিএনপি।
আরও পড়ুন: ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রধানমন্ত্রী
তাদের ভাষ্য, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে দমন-পীড়ন ও নির্যাতনের কারণে বিভিন্ন সময়ে বিএনপি কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে জীবনের শেষ প্রান্তে কারাবন্দি থাকতে হয়েছে। অন্যদিকে দলের আরেক শীর্ষ নেতা তারেক রহমান দীর্ঘ সময় লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন।
দলের শীর্ষ দুই নেতার অনুপস্থিতিতে দেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপির সংকট মোকাবিলা এবং আওয়ামী লীগবিরোধী আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে মির্জা ফখরুল দৃশ্যমান নেতৃত্বে ছিলেন বলে মনে করেন দলের নেতারা।
বিএনপির শীর্ষ পর্যায়ের এক নেতা বিবিসি বাংলাকে বলেন, লন্ডনে অবস্থান করেও তারেক রহমান দলকে নেতৃত্ব দিয়েছেন। তবে দেশের রাজনৈতিক মাঠে থেকে আন্দোলন-সংগ্রাম পরিচালনা এবং দলকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আরও পড়ুন: গুম আইনে আন্তর্জাতিক মান বজায় রাখা হয়নি: শিশির মনির
দলের একাধিক নেতা জানান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং পরে মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভেতরে ও বাইরে যে অবস্থান তৈরি করেছেন, তার স্বীকৃতি হিসেবে তাকে সম্মান দেওয়ার বিষয়টি বিভিন্ন সময় আলোচনায় এসেছে।
সক্রিয় রাজনীতিবিদকেই রাষ্ট্রপতি করার সিদ্ধান্ত
বিএনপির নেতারা বলছেন, বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত হলেও রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের বিভিন্ন সময়ে রাষ্ট্রপতির পদ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এ ছাড়া জাতীয় নির্বাচন পরিচালনায় তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হয়েছে। অতীতেও তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাষ্ট্রপতির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।
এসব বিষয় বিবেচনায় নিয়ে বিএনপি সরকার এবার দলের ভেতর থেকে একজন সক্রিয় রাজনীতিবিদকে রাষ্ট্রপতি করার অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা।
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
