×

রাজনীতি

হাসনাত আবদুল্লাহ

‘প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১০:৫৩ পিএম

‘প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম’

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধী দলকে ছয় মাসের সময় দিয়ে প্রধানমন্ত্রী যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তাঁরা তা গ্রহণ করেছেন। একই সঙ্গে সংকট সমাধানে নিজেদের পরিকল্পনাও তুলে ধরেছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

পোস্টে তিনি লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলকে বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা প্রদানের জন্য ছয় মাসের আলটিমেটাম দিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবং সমাধান পরিকল্পনা প্রস্তাব করছি।”

হাসনাতের দাবি, বিদ্যুৎ সংকটের সমাধান নিয়ে বিরোধী দলের প্রস্তাব আগেই সরকারের সামনে রয়েছে। তিনি বলেন, এনসিপির আহ্বায়ক, সংসদ সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা মিলিয়ে ১৫ দফা প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে ৩০ দিনের জন্য পাঁচটি, ৬ থেকে ১৮ মাসের জন্য ছয়টি এবং দীর্ঘমেয়াদে চারটি পদক্ষেপ রয়েছে।

তিনি আরও দাবি করেন, বিদ্যুৎ খাতে ভর্তুকি নীতি, জ্বালানি পরিকল্পনা, কন্টিনজেন্সি প্ল্যান ও ডিজাস্টার রিকভারি প্ল্যান নিয়েও বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে। নাগরিক সমাজ ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মতামতও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত এবং বিভিন্ন সেমিনারে আলোচিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সমন্বয়ে বড় একটি টিম থাকার পরও এসব প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায়নি বা সেগুলো বিবেচনা করা হয়নি— এমন অভিযোগ করেন হাসনাত। তিনি বলেন, এটি সরকারের কার্যকারিতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করে।

এনসিপির দেওয়া ১৫ দফা প্রস্তাব পর্যালোচনার পাশাপাশি বিদ্যুৎ সংকট নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে বিশেষ সংসদীয় অধিবেশন আহ্বানের অনুরোধেও সাড়া দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রশাসনে ব্যাপক দলীয় পদায়নের কারণে সরকারের ‘ইনস্টিটিউশনাল মেমরি’ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেন হাসনাত। তাঁর দাবি, এর ফলে জ্বালানি, কন্টিনজেন্সি ও ডিজাস্টার রিকভারি পরিকল্পনায় ঘাটতি তৈরি হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের উৎসগুলোতে ভর্তুকি কমানো হলেও ক্যাপাসিটি চার্জ বহাল রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মহেশখালীর এফএসআরইউতে আগুনের পর রক্ষণাবেক্ষণে কোনো ত্রুটি ছিল কি না, সে বিষয়ে স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশ না করারও সমালোচনা করেন তিনি। তাঁর প্রশ্ন, ঘটনাটি নাশকতা নাকি অবহেলার কারণে ঘটেছে, সে বিষয়েও সরকার এখনো স্পষ্ট নয়।

আরও পড়ুন: জ্বালানি সংকট কাটাতে অবকাঠামো উন্নয়নে সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী

বিদ্যুৎ সংকট সমাধানে ‘মার্চেন্ট পাওয়ার পলিসি ২০২৫’ বাস্তবায়নের দাবি জানিয়ে হাসনাত বলেন, এই কাঠামোয় বেসরকারি বিদ্যুৎ উৎপাদকরা সরাসরি বড় শিল্প গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবেন। দুই পক্ষের মধ্যে দাম নির্ধারণ হবে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিষয়টি অবহিত থাকবে। উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে বলেও উল্লেখ করেন তিনি।

হাসনাতের দাবি, এই ব্যবস্থায় রাষ্ট্রীয় কোষাগার থেকে অতিরিক্ত অর্থ ব্যয়ের প্রয়োজন নেই। শুধু সার্ভিস লেভেল অ্যাগ্রিমেন্ট (এসএলএ) ও হুইলিং চার্জের কাঠামো চূড়ান্ত করলেই এটি বাস্তবায়ন করা সম্ভব।

তিনি বলেন, সরকার ছয় মাসের সময়সীমা দিয়েছে—এটি তাঁরা মেনে নিচ্ছেন। তবে এই সময়ের হিসাব বিরোধী দলের নয়, সরকারের। তাঁর ভাষায়, মার্চেন্ট পাওয়ার পলিসি বাস্তবায়নে ছয় মাসের বেশি সময় লাগলে তা নীতিগত ব্যর্থতা নয়, সরকারের সক্ষমতার ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে হাসনাত আরও বলেন, “একটি প্র্যাক্টিসিং ডেমোক্রেসিতে প্রধানমন্ত্রী বিরোধী দলকে আলটিমেটাম কিংবা চ্যালেঞ্জ দেন না; বরং সরকারই তার কাজের জন্য জবাবদিহি করে।”

তিনি প্রশ্ন তোলেন, সরকার ছয় মাস ক্ষমতায় থাকার পরও দেশে এত বেশি লোডশেডিং কেন হচ্ছে এবং দেশ কেন বিদ্যুৎ সংকটে পড়েছে। তাঁর দাবি, বিদ্যুৎ সংকটের সমাধানের পরিকল্পনা তাঁদের হাতে রয়েছে, কিন্তু বাস্তবায়নের ক্ষমতা সরকারের হাতে।

সবশেষে হাসনাত বলেন, ছয় মাস পর জনগণ জানতে চাইবে—সমাধানের অভাবে নাকি সরকারের সক্ষমতার অভাবে দেশ অন্ধকারে ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু

৫ দিন যেমন থাকবে আবহাওয়া

৫ দিন যেমন থাকবে আবহাওয়া

‘৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে’

প্রধানমন্ত্রী ‘৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে’

মাকে গলা কেটে হত্যা, ছেলে ও দাদি গ্রেপ্তার

মাকে গলা কেটে হত্যা, ছেলে ও দাদি গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App