ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, অতঃপর...
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:০১ এএম
ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথোপকথনের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাতে ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখার প্রচার সম্পাদক মাওলানা মো. নুরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের মহাসচিবের সই করা নোটিশের মাধ্যমে আব্বাস উদ্দিনের বিরুদ্ধে ওঠা চারিত্রিক স্খলনসংক্রান্ত অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিটির জয়েন্ট সেক্রেটারি মাওলানা সালাউদ্দিনকে ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখার সূত্রে জানা গেছে, রাজনীতির পাশাপাশি আব্বাস উদ্দিন স্থানীয় একটি কওমি মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে ভিডিও কলে আপত্তিকর অবস্থায় কথা বলতে দেখা যায় বলে দাবি করা হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এর পরিপ্রেক্ষিতে রোববার (১১ অক্টোবর) তার পদ স্থগিত করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। কমিটির প্রধান করা হয় ভোলা দক্ষিণ জেলা শাখার সভাপতি অধ্যাপক কামাল উদ্দিনকে। তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তবে বহিষ্কৃত আব্বাস উদ্দিন দাবি করেছেন, ভিডিও কলে থাকা নারী তার স্ত্রী এবং ভিডিওটি কয়েক মাস আগের। তার ভাষ্য, ভিডিওটি যে মোবাইল ফোনে সংরক্ষিত ছিল, সেটি সম্প্রতি চুরি হয়ে যায়। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে রাজনৈতিকভাবে হেয় করতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে তিনি দুঃখপ্রকাশও করেছেন।
