×

রাজশাহী

আগুনে বিধবার সর্বস্ব পুড়ে ছাই, রক্ষা পায়নি ছেলের বিয়ের টাকা-গহনাও

Icon

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম

আগুনে বিধবার সর্বস্ব পুড়ে ছাই, রক্ষা পায়নি ছেলের বিয়ের টাকা-গহনাও

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিধবা এক নারীর বসতঘরসহ ঘরের প্রায় সব মালামাল পুড়ে গেছে। আগুনে তাঁর বড় ছেলের বিয়ের জন্য জমানো নগদ দেড় লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকারও পুড়ে যায়। পরিবারের দাবি, এতে তাঁদের প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের বাশুড়িয়া দক্ষিণ পাড়া গ্রামের বিধবা রেখা বেগমের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ রেখা বেগমের বাড়ির একটি ঘরে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এরই মধ্যে আগুনে দুটি ঘর, আসবাবপত্র, কাপড়চোপড়, চাল-ডালসহ ঘরে থাকা বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়।

আরও পড়ুন: জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ মিছিল করেছে: রাশেদ খান

রেখা বেগমের পরিবারের সদস্যদের ভাষ্য, আগুনে ঘরে রাখা নগদ দেড় লাখ টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকারও পুড়ে গেছে। এসবের মধ্যে বড় ছেলে মোহাম্মদ আলী জিন্নার বিয়ের জন্য জমানো অর্থ ও গয়নাও ছিল। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ছবি: সংগৃহীত

অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে স্থানীয়রা পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার ফোন করেন বলে জানান। তাঁদের অভিযোগ, প্রায় এক ঘণ্টা চেষ্টা করেও সাড়া না পাওয়ায় পরে রায়গঞ্জ থানায় বিষয়টি জানানো হয়। পুলিশ পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগের পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করা গেলে আগুনের ক্ষয়ক্ষতি কিছুটা কমানো সম্ভব হতো। তবে এ অভিযোগের বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে বলে স্থানীয়রা জানান। ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজন মোছা. রনি বেগম বলেন, গহনাসহ বিধবা রেখার রাখা স্বর্ণালংকার ও নগদ অর্থ সবই আগুনে পুড়ে গেছে।

কান্নাজড়িত কণ্ঠে রেখা বেগম বলেন, আমার স্বামী মারা গেছেন প্রায় ১৩ বছর আগে। দুই সন্তানকে নিয়ে অনেক কষ্টে সংসার চালিয়েছি। বড় ছেলের বিয়ের জন্য দেড় লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার জমিয়ে রেখেছিলাম। আগুনে মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেছে।

তিনি আরও বলেন, গত রাতে স্বপ্নে দেখেছিলাম আমার ঘর পুড়ে গেছে। কিন্তু এমনটা সত্যি হবে, কখনো ভাবিনি। এখন আমার ঘর-সংসার কীভাবে আবার গুছিয়ে নেব, বুঝতে পারছি না।

স্থানীয়রা জানান, স্বামী হারানোর পর দীর্ঘদিন ধরে দুই সন্তানকে নিয়ে সংগ্রাম করে সংসার চালিয়ে আসছিলেন রেখা বেগম। ছেলের বিয়ের জন্য কষ্ট করে জমানো অর্থ ও স্বর্ণালংকার হারিয়ে পরিবারটি এখন চরম সংকটে পড়েছে।

অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, পোশাক, খাদ্যসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ সব মিলিয়ে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পরিবারটি। এ অবস্থায় ঘর পুনর্নির্মাণ ও সংসার ফের গুছিয়ে নিতে সরকার, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে

মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেই ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত

ব্রিকস সম্মেলন শুরু মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেই ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত

শাহবাগ এলাকায় দু’জনের লাশ উদ্ধার

শাহবাগ এলাকায় দু’জনের লাশ উদ্ধার

পে-স্কেলে নতুন সিদ্ধান্ত, বড় পরিবর্তনের আভাস

পে-স্কেলে নতুন সিদ্ধান্ত, বড় পরিবর্তনের আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App