ডেঙ্গুতে প্রাণ গেল ব্যবসায়ীর, আক্রান্ত গোটা পরিবার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক ব্যবসায়ী মারা গেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ব্যবসায়ীর নাম ওবাইদুল আজিম রিংকু (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিস্ত্রিপাড়ার আনোয়ারুল আজিমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর রিংকু নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
মৃত রিংকুর পারিবারিক বন্ধু মতিউল ইসলাম শিপন ও কামরুল হাসান জুয়েল বলেন, রিংকু এবং তার স্ত্রী ও সন্তান সবাই একসঙ্গে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন। তার স্ত্রী ও সন্তান এখনো আক্রান্ত।
এদিকে জেলায় ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়ছে। চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তথ্য অনুযায়ী, বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টাতেই নতুন করে ভর্তি হয়েছেন ৩০ জন রোগী।
