ছাত্রদল ও বামদের উদ্দেশে যা বললেন মোনামি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৮:০৫ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল ও বামপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।
সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ব্যক্তিগত একটি ছবি ও অভিজ্ঞতা শেয়ার করার প্রসঙ্গ তুলে ধরেন। তার দাবি, জাতীয় বা রাজনৈতিক কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কিত না হওয়া ওই পোস্টের ছবি ব্যবহার করে তাকে নিয়ে অমার্জিত মন্তব্য করা হয়েছে।
মোনামি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে অন্যদের তুলনায় ভালো ভাবার কোনো কারণ তিনি দেখেন না। তার অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কিছু মানুষ শিক্ষকদের সঙ্গে ভিন্ন আচরণ করেন। তিনি নিজেও এ ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন বলে দাবি করেন।
ঢাবির এই শিক্ষক আরও বলেন, ডাকসু নির্বাচনের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও বাম রাজনীতির সঙ্গে যুক্তদের কিছু কর্মকাণ্ড তিনি নীরবে দেখছেন। শিক্ষক হিসেবে বিষয়গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করলেও একজন মানুষ হিসেবে এসব ঘটনায় কষ্ট পাওয়া স্বাভাবিক বলেও উল্লেখ করেন।
পোস্টে তিনি প্রশ্ন তোলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সংশ্লিষ্টরা দলীয় প্রশংসা পাওয়ার চেষ্টা করছেন কি না। একই সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডকে জীবনের প্রধান পেশা হিসেবে নেওয়ার প্রবণতা নিয়েও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: শেখ মুজিবকে নিয়ে ফেসবুক পোস্ট, কলেজশিক্ষক বরখাস্ত
মোনামির পোস্টের মন্তব্যের ঘরে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তার প্রতি সমর্থন জানিয়ে একটি মন্তব্য করেন। সেখানে তিনি ঢাবির বাম রাজনীতির সঙ্গে যুক্ত এক ব্যক্তির আচরণ নিয়েও সমালোচনা করেন।
এর জবাবে মোনামি নিজের একটি পুরোনো অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি দাবি করেন, সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালনকালে বাম রাজনীতির সঙ্গে যুক্ত এক নেত্রীর সংকটময় সময়ে তিনি সহযোগিতা করেছিলেন। পরে ওই ব্যক্তিই তার বিরুদ্ধে রাজু ভাস্কর্যে বক্তব্য দিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় কষ্ট পাওয়ার কথা উল্লেখ করে মোনামি বলেন, মানুষের কাছ থেকে কৃতজ্ঞতা প্রত্যাশা করা সবসময় ঠিক নয়। তিনি বিষয়টি সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দেওয়ার কথাও জানান।
