হাসনাত আবদুল্লাহ
আপনার ভিক্ষাই হয়তো একজনকে চাঁদাবাজি থেকে দূরে রাখবে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
সরকারদলীয় নেতাকর্মীদের জন্য ‘গণভিক্ষা’ কর্মসূচির ডাক দিয়েছেন কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর ভাষ্য, এক টাকা ভিক্ষাও হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখতে পারে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান হাসনাত আবদুল্লাহ।
পোস্টের শুরুতে তিনি লেখেন, ‘১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি!’ এরপর তিনি বলেন, ‘ভিক্ষা দিন—আপনার ১ টাকাই হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখবে।’
হাসনাত তাঁর পোস্টে জানান, চাঁদাবাজির বিকল্প হিসেবে সোমবার ‘পুনর্বাসন দানবক্স’ চালু করা হবে। এর অংশ হিসেবে বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরে একটি বিশেষ দানবাক্স উন্মুক্ত করা হবে।
পোস্টের শেষাংশে তিনি আবারও দানবাক্সের স্থান ও সময় উল্লেখ করেন। সেখানে তিনি লেখেন, ‘দান করুন, চাঁদাবাজি বন্ধ করুন, সতেরো বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে আপনিও অংশ নিন।’
