এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হবে কোহলি: স্মিথ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৪, ১০:২৫ পিএম
বিরাট কোহলিকে নিয়ে স্মিথের মন্তব্য। ছবি-সংগৃহীত
এবার ভারতীয় ব্যাটার বিরাট কোহলিকে নিয়ে ভবিষ্যতবাণী করলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথ। বললেন, এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন কোহলি। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাননি স্মিথ। যে কারণে নাম লিখিয়েছেন ধারাভাষ্যে। তার মতে, এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন ৩৫ বছর বয়সী কোহলি। আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ভারত।
আরো পড়ুন: ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়া
আইসিসির ডিজিটাল প্রোগ্রামে স্মিথ বলেন, ‘কোহলি হবে এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। দুর্দান্ত এক আইপিএল কাটিয়ে এসেছে সে এবং অসাধারণ ফর্মে আছে। আমি মনে করি, সে-ই হবে সর্বোচ্চ রান সংগ্রাহক।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরেও সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন কোহলি। ৬ ম্যাচে ৪ হাফ-সেঞ্চুরিসহ ৯৮.৬৬ গড়ে ২৯৬ রান করেছিলেন এই ব্যাটার। শুধু তা-ই নয়, বিশ্বকাপ ইতিহাসেরই সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। ২৭ ম্যাচে ৮১.৫০ গড়ে ১ হাজার ১৪১ রান আছে তার ব্যাটে। ১ হাজার ১৬ রান নিয়ে দুইয়ে আছেন মাহেলা জয়াবর্ধনে। সবশেষ আইপিএলেও সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন কোহলি। ১৫ ম্যাচে করেছিলেন ৭৪১ রান।
