যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ৭ ঘন্টা আটকে ছিলেন ইরাকি ফুটবলার, ফোন তল্লাশি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:৫১ এএম
লাল ক্যাপ পরিহিত আয়মান হুসেন, মাঝে ইরাকের এক ফুটবল প্রতিনিধি। ছবি- সংগৃহীত
নানা নাটকীয়তার পর যুক্তরাষ্ট্রের মাটিতে ফিফা বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ইরান ও ইরাক। তবে টুর্নামেন্ট শুরুর আগেই ভিসা ও বিমানবন্দর জটিলতায় পড়েছে দল দুটি। যুক্তরাষ্ট্রে পা রাখতেই বড় বিপত্তিতে পড়েছেন ইরাকের তারকা স্ট্রাইকার আয়মান হুসেন। শিকাগো বিমানবন্দরে তাকে প্রায় সাত ঘণ্টা আটকে রেখে জেরা করেছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার (৬ জুন) ইরাকের বিশ্বকাপ স্কোয়াড যুক্তরাষ্ট্রে পৌঁছায়। বিমানবন্দরে নামার পরপরই আয়মান হুসেনকে আটকে দেওয়া হয় এবং তার মোবাইল ফোন পরীক্ষা করা হয়। শেষ পর্যন্ত দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে আয়মান প্রবেশের অনুমতি পেলেও ভিন্ন অভিজ্ঞতা হয়েছে দলের আলোকচিত্রী তালাল সালাহর। তাকে প্রায় ১০ ঘণ্টা আটকে রাখার পর শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়নি এবং দেশটিতে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইরাক অলিম্পিক কমিটির এক মুখপাত্র।
এ বিষয়ে আয়মান হুসেন বা ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দীর্ঘ ৪০ বছর পর ফুটবল বিশ্বকাপে ফিরছে ইরাক। ৩০ বছর বয়সী আয়মান দলটির অন্যতম প্রধান তারকা। তার সঙ্গে দলে আছেন আলি আল-হামাদি, আলি জসিম ও ইউসেফ আমিনের মতো ফুটবলাররা। এবারের ২৩তম আসরে ‘আই’ গ্রুপে ইরাকের প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগাল ও নরওয়ে। আগামী ১১ জুন শুরু হয়ে এই বিশ্বকাপ চলবে ১৯ জুলাই পর্যন্ত।
এদিকে বিমানবন্দর জটিলতার মাঝেই ইরাক দলকে স্বাগত জানাতে ভোররাতে শিকাগো বিমানবন্দরে হাজির হয়েছিলেন প্রবাসী সমর্থকেরা। প্রিয় ফুটবলারদের হাতে পতাকা নাড়িয়ে ও ছবি তুলে অভ্যর্থনা জানান তারা।
