মাঠে ফিরেই মেসির রেকর্ড, আর্জেন্টিনার জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:৪৫ এএম
ছবি- সংগৃহীত
চোটের কারণে লিওনেল মেসির আগামী বিশ্বকাপে খেলা নিয়ে যে শঙ্কার মেঘ জমেছিল, তা অবশেষে কেটে গেছে। বিশ্বমঞ্চের মূল লড়াইয়ে নামার আগে আজ বুধবার (১০ জুন) আইসল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছেন এই মহাতারকা। শুরুতে বেঞ্চে থাকলেও বিরতির পর মাঠে নেমে গোল করে এক নতুন ইতিহাস গড়েছেন তিনি। ইউরোপের দল আইসল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি সারল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
যুক্তরাষ্ট্রের আলাবামায় অনুষ্ঠিত এই ম্যাচে আজ অষ্টম মিনিটেই তরুণ ডিফেন্ডার ভ্যালেন্তিন বার্কোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৭২ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। আর ৮৬ মিনিটে আইসল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন থিয়াগো আলমাদা।
বিরতির পর মেসি যখন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামছিলেন, তখন পুরো স্টেডিয়াম করতালিতে মুখরিত করে তাকে স্বাগত জানান ভক্তরা। সমর্থকদের সেই ভালোবাসার প্রতিদান দিতেও বেশি সময় নেননি তিনি। মাঠে নামার পর নিজের প্রথম টাচেই লাউতারো মার্তিনেসকে উদ্দেশ্য করে এক অসাধারণ পাস বাড়িয়েছিলেন মেসি।
গোলরক্ষককে একা পেয়ে যাওয়া মার্তিনেস ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করতে কোনো ভুল করেননি আর্জেন্টাইন অধিনায়ক।
এই গোলের মধ্য দিয়ে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক গোল করার নতুন কীর্তি গড়লেন ৩৮ বছর বয়সী মেসি। তিনি ভেঙে দিয়েছেন আনহেল লাবরুনার প্রায় সাত দশকের পুরোনো রেকর্ড। আজ গোল করার দিনে মেসির বয়স ৩৮ বছর ১১ মাস ১৪ দিন। এর আগে ১৯৫৭ সালে মারাকানায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ৩৮ বছর ৯ মাস ৮ দিন বয়সে গোল করে আগের রেকর্ডটি গড়েছিলেন লাবরুনা। আগামী ২৪ জুন বিশ্বকাপ চলাকালেই ৩৯তম বছরে পা দেবেন মেসি।
আইসল্যান্ডের বিপক্ষে এই পেনাল্টি গোলটি মেসির জন্য এক ধরণের মধুর প্রতিশোধও বটে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে এই আইসল্যান্ডের বিপক্ষেই পেনাল্টি মিস করেছিলেন তিনি, যা ছিল বিশ্বকাপে তাঁর ক্যারিয়ারের প্রথম পেনাল্টি মিসের তেতো অভিজ্ঞতা। তবে আজ আর কোনো ভুল না করে সফল স্পট কিকে নিজের ক্যারিয়ারের ৯১১তম গোলটি তুলে নেন এই বাঁহাতি ফরোয়ার্ড।
এই ম্যাচের হাত ধরে আর্জেন্টিনার ফুটবলের একটি দীর্ঘদিনের আক্ষেপ ও অনাকাঙ্ক্ষিত রেকর্ডের অবসান ঘটল। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে কোনো ইউরোপীয় দলের বিরুদ্ধে ম্যাচ খেলেনি আলবিসেলেস্তেরা। ১৯৩০ সালে বিশ্বকাপ শুরুর পর আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসে এমন নজির আর কখনো দেখা যায়নি। আজ আইসল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে সেই আক্ষেপ দূর করার পাশাপাশি পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই শিরোপা ধরে রাখার মিশনে যাচ্ছে লিওনেল স্কালোনির দল।
