সিলেট
হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১০০
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম
ফাইল ছবি
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এই রোগে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে। রোববার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, মারা যাওয়া ওই শিশুর নাম আবু সাঈদ। ৯ মাস বয়সী এই শিশু সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এদিকে, সিলেট বিভাগে হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনো কাটেনি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৮৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও এই সময়ের মধ্যে ৮৫ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৬ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৪৪ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা যাওয়া ১০০ শিশুর মধ্যে ৪ জন নিশ্চিত হামের রোগী ছিলেন বলে ল্যাব পরীক্ষায় প্রমাণ পাওয়া গেছে, নিহত বাকিরা ছিলেন সন্দেহভাজন রোগী।
