×

খেলা

কোচ স্কালোনি

‘অনুশীলন নিয়ে আক্ষেপ, তবু আত্মবিশ্বাসী’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘অনুশীলন নিয়ে আক্ষেপ, তবু আত্মবিশ্বাসী’

বিশ্বকাপ ফাইনালের আগে প্রতিটি মিনিটই কোচদের কাছে অমূল্য। কৌশল চূড়ান্ত করা, খেলোয়াড়দের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রাখা- সবকিছুর জন্যই প্রয়োজন পর্যাপ্ত সময়। কিন্তু সেই সুযোগটাই ঠিকমতো পাননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। নানা আনুষ্ঠানিকতা ও সংবাদ সম্মেলনের ব্যস্ততায় পরিকল্পনামাফিক অনুশীলন করাতে না পারার আক্ষেপই ঝরল তার কণ্ঠে।

বাংলাদেশ সময় আজ রবিবার দিবাগত রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, দলের প্রস্তুতির জন্য যে সময় চেয়েছিলেন, বাস্তবে তার অনেক কমই পেয়েছেন। আর্জেন্টিনা সেমিফাইনালের পর আটলান্টা থেকে নিউইয়র্কে পৌঁছায় দেরিতে। এরপর সংবাদ সম্মেলন, ফিফার আনুষ্ঠানিক কার্যক্রম এবং নানা অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে অনুশীলনের সময় আরো কমে যায়। স্কালোনির ভাষায়, দলকে এমন সময়ে অনুশীলন করতে হয়েছে, যা তাদের পরিকল্পনার সঙ্গে মিল ছিল না। স্বল্প সময়ের সেই সেশনে কৌশলগতভাবে খুব বেশি কাজও করা সম্ভব হয়নি। তবে অনুশীলনের ঘাটতি নিয়ে হতাশ হলেও আতঙ্কিত নন আর্জেন্টাইন কোচ। তার মতে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় খেলোয়াড়দের বিশ্রাম ও শতভাগ ফিট রাখা। কারণ, দলে কয়েকজন ফুটবলার এখনো পুরোপুরি সুস্থ নন। শেষ মুহূর্ত পর্যন্ত তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সেরা একাদশই মাঠে নামানো হবে। স্কালোনি স্পষ্ট করেছেন, স্পেনের শক্তিকে সম্মান করলেও আর্জেন্টিনা নিজেদের ফুটবল দর্শন থেকেই সরে আসবে না। প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করা হবে, কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়াই থাকবে মূল লক্ষ্য।

ফাইনালের আগে স্কালোনিকে ঘিরে আরেকটি আলোচনার বিষয় তার ব্যক্তিগত জীবন। দীর্ঘদিন স্পেনে বসবাস করা এই কোচের স্ত্রী এলিসা মনতেরো স্প্যানিশ। তাদের দুই সন্তানেরও জন্ম স্পেনের মায়োর্কায়। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, পরিবারে সমর্থন ভাগ হবে কি না। হাসিমুখেই সেই প্রশ্নের জবাব দিয়েছেন স্কালোনি। তিনি বলেন, তার স্ত্রী ও দুই সন্তান আর্জেন্টিনাকেই সমর্থন করবেন। কারণ, তারা খুব ভালো করেই জানেন, এই ম্যাচ তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তবে স্ত্রীর স্বজনদের জন্য পরিস্থিতি কঠিন হবে বলেও স্বীকার করেছেন তিনি। কারণ, তাদের একদিকে নিজের দেশের প্রতি টান, অন্যদিকে পরিবারের একজন সদস্যের সাফল্যের প্রত্যাশা- দুই অনুভূতির মধ্যেই থাকতে হবে। ফাইনালের আগে নিউইয়র্কের এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন স্কালোনি, লিওনেল মেসি ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। সেখানে বিশ্বের বিভিন্ন খেলার কিংবদন্তিদের সঙ্গে এক মঞ্চে ছিলেন তারা। অনুষ্ঠানে মেসির বক্তব্য শোনার পর মজার ছলে স্কালোনি দর্শকদের উদ্দেশে বলেন, ‘আপনারা আমার কথা শুনতে চান, নাকি মেসির?’- এই মন্তব্যে হাসির রোল পড়ে পুরো হলে। কিন্তু আনুষ্ঠানিক মঞ্চের সেই হাস্যরসের আড়ালে স্কালোনির চোখ এখন একটাই লক্ষ্য- বিশ্বকাপের ট্রফি ধরে রাখা।

অনুশীলনের সময় কম পাওয়া নিয়ে আক্ষেপ থাকলেও তিনি বিশ্বাস করেন, অভিজ্ঞতা, মানসিক দৃঢ়তা এবং বড় ম্যাচে নিজেদের প্রমাণ করার সামর্থ্যই আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি। আর সেই শক্তির পরীক্ষাই হবে রবিবারের ফাইনালে স্পেনের বিপক্ষে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ নয়, পুরো পৃথিবী জয়ের স্বপ্ন দেখি

জাহিদুল ইসলাম বিশ্বকাপ নয়, পুরো পৃথিবী জয়ের স্বপ্ন দেখি

জায়গা বদলালে আর্জেন্টিনা হারবে, তাই স্টেডিয়ামে যাননি আর্জেন্টিনার প্রেসিডেন্ট

জায়গা বদলালে আর্জেন্টিনা হারবে, তাই স্টেডিয়ামে যাননি আর্জেন্টিনার প্রেসিডেন্ট

কুসংস্কারের কারণে মাঠে ফাইনাল দেখছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট

কুসংস্কারের কারণে মাঠে ফাইনাল দেখছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট

ফাইনালে ফুটবলের দীর্ঘদিনের নিয়ম ভাঙছে ফিফা

ফাইনালে ফুটবলের দীর্ঘদিনের নিয়ম ভাঙছে ফিফা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App