দুই পক্ষের ‘দ্বন্দ্বে’ রিহ্যাবের এজিএম স্থগিত
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
পরিচালক পর্ষদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) এক মাসের জন্য স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
আগামী শনিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সংগঠনটির এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে পরিচালক পর্ষদের দুই পক্ষের অভিযোগ নিয়ে শুনানি শেষে সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
শুনানিতে রিহ্যাবের সহ-সভাপতি (১) মোহাম্মদ আক্তার হোসেন বিশ্বাসের নেতৃত্বে পর্ষদের ১০ জন পরিচালক অভিযোগ করেন, সভাপতি, জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পরিচালক পর্ষদের অনুমোদন ছাড়াই সংগঠনের তহবিল থেকে দুই কোটি টাকার চেক সরকারি হিসাবে জমা দিয়েছেন।
এ ছাড়া গত তিন মাসে প্রায় ৫০ লাখ টাকার ব্যয়ের ভাউচার পর্ষদের অনুমোদন ছাড়া নিষ্পত্তি করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়। মোট ১২টি অভিযোগ বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে বলে জানা যায়।
শুনানি শেষে মন্ত্রণালয় রিহ্যাবকে পাঠানো চিঠিতে জানায়, উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে আরও পর্যবেক্ষণ, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং পর্যালোচনার প্রয়োজন রয়েছে। তাই আপাতত এজিএম এক মাসের জন্য স্থগিত রাখা হয়েছে।
এ বিষয়ে মোহাম্মদ আক্তার হোসেন বিশ্বাস বলেন, অভিযোগগুলোর নিষ্পত্তি এবং দুই পক্ষের মধ্যে সমঝোতার পর নতুন করে এজিএমের তারিখ নির্ধারণ করা হবে।
মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর শুক্রবার সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে রিহ্যাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুর রাজ্জাক এজিএম স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি জানান, সভার নতুন তারিখ ও স্থান পরে জানিয়ে দেওয়া হবে।
অন্যদিকে, তহবিল থেকে দুই কোটি টাকা প্রদানের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়ে আব্দুর রাজ্জাক বলেন, রিহ্যাবের তহবিলে ওই পরিমাণ অর্থ ছিল না। এর মধ্যে এক কোটি টাকা সংগ্রহ করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চেকের মাধ্যমে প্রদান করা হয়। পরে বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের সহায়তাসহ মোট ১৪ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়, যার মধ্যে রিহ্যাবের তহবিল থেকে দুই কোটি টাকা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের নোটিশ খুব অল্প সময়ের মধ্যে পাওয়ায় পরিচালক পর্ষদের আনুষ্ঠানিক অনুমোদন নেওয়ার সুযোগ হয়নি। তবে সব লেনদেনের নথি সংরক্ষিত রয়েছে এবং পরবর্তী বোর্ড সভায় বিষয়টি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
এদিকে আগামী ১২ আগস্ট রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাবের চার দিনব্যাপী আবাসন মেলা আয়োজনের প্রস্তুতি চলছে। তবে পরিচালক পর্ষদের চলমান বিরোধের কারণে মেলা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এ বিষয়ে আক্তার হোসেন বিশ্বাস বলেন, বর্তমান পরিস্থিতিতে মেলা আয়োজনের বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
তবে জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুর রাজ্জাক আশাবাদ ব্যক্ত করে বলেন, মেলার প্রস্তুতি অব্যাহত রয়েছে এবং নির্ধারিত সময়েই আয়োজন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
