×

বিশ্ববাণিজ্য

দেশে দাম বাড়ার দিনেই বিশ্ববাজারে কমল তেলের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ এএম

দেশে দাম বাড়ার দিনেই বিশ্ববাজারে কমল তেলের দাম

ছবি : সংগৃহীত

দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর দিনই আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশে পেট্রোল, ডিজেল, কেরোসিন ও অকটেনের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। একই দিনে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ পরিস্থিতি প্রত্যাশার তুলনায় শক্তিশালী থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমে যায়।

সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হলেও মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ তুলনামূলকভাবে স্বাভাবিক থাকায় আন্তর্জাতিক বাজারে দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

সোমবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ১৫ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৮৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৪৬ ডলারে দাঁড়ায়।

জেপি মরগানের বিশ্লেষকেরা ১৮ সেপ্টেম্বরের এক প্রতিবেদনে জানান, সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে বিঘ্ন ঘটলেও মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ প্রত্যাশার চেয়ে শক্তিশালী রয়েছে।

বিশ্লেষকদের হিসাবে, গত ১০ দিনে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন গড়ে ১ কোটি ৭১ লাখ ব্যারেল তেল সরবরাহ হয়েছে। তবে এ পরিমাণ ২০২৫ সালের গড় সরবরাহের তুলনায় প্রতিদিন ৬১ লাখ ব্যারেল কম।

এর মধ্যে ইরান-সমর্থিত হুতিদের হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। শনিবার হুতিরা সৌদি আরবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে তিনি এখন ‘সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে’ রয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি শিগগিরই বড় ধরনের কিছু ঘটতে পারে বলে মন্তব্য করেন।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন সরবরাহ পরিস্থিতি ও কূটনৈতিক অগ্রগতির ওপর অনেকটাই নির্ভর করছে। তেল রপ্তানি স্বাভাবিক হতে দেরি হলে কিংবা জাহাজ চলাচলের পরিস্থিতির আরও অবনতি হলে সরবরাহ কমে আবারও দাম বাড়তে পারে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার থেকে দেশে ডিজেলের দাম লিটারপ্রতি ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হয়েছে। অর্থাৎ নতুন সিদ্ধান্তে চার ধরনের জ্বালানি তেলের দামই লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে দেশে তা পুরোপুরি সমন্বয় করা হয়নি। এতে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

এর আগে ১৯ এপ্রিল থেকে ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়। একই সময়ে কেরোসিনের দাম ১৮ টাকা, পেট্রোলের ১৯ টাকা এবং অকটেনের দাম ২০ টাকা বাড়ানো হয়েছিল। পরে জুনে কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম আরও ৫ টাকা করে বাড়ানো হয়। এরপর জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর পর্যন্ত জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল।

সূত্র: সিএনবিসি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক বিমান বাহিনী প্রধান হান্নানের সম্পত্তি ক্রোকের আদেশ

সাবেক বিমান বাহিনী প্রধান হান্নানের সম্পত্তি ক্রোকের আদেশ

দেশে দাম বাড়ার দিনেই বিশ্ববাজারে কমল তেলের দাম

দেশে দাম বাড়ার দিনেই বিশ্ববাজারে কমল তেলের দাম

ভোরের কাগজের রাজশাহী প্রতিনিধি সাইদুরের মৃত্যু

ভোরের কাগজের রাজশাহী প্রতিনিধি সাইদুরের মৃত্যু

রাজধানীর আবহাওয়ায় যে বার্তা

রাজধানীর আবহাওয়ায় যে বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App