ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১২
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৮:২২ এএম
ছবি : সংগৃহীত
ইউক্রেনজুড়ে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১২ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছে। হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া শহর। খবর আল জাজিরার।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, হামলায় উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে রাশিয়া।
মঙ্গলবার (১১ আগস্ট) তিনি সতর্ক করার একদিন পরই রাতভর এই হামলা চালানো হয়।
জেলেনস্কির দাবি, রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সামরিক সরঞ্জাম ও সেনা সহায়তা পাচ্ছে। তার মতে, মস্কো শান্তির পরিবর্তে যুদ্ধ আরও দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানো, উত্তর কোরিয়ার সামরিক সহায়তা নেওয়া এবং সেনা সমাবেশের প্রস্তুতি সবকিছুই সংঘাত বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে।
আরও পড়ুন: কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪
রাতভর হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে জাপোরিঝঝিয়া শহরে। জেলেনস্কি জানিয়েছেন, সেখানে অন্তত ছয়জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। হামলায় বেশ কয়েকটি ভবন ও যানবাহনে আগুন ধরে যায়।
ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, জাপোরিঝঝিয়ায় উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি জিরকন ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা ব্যবহার করা হয়েছে। হামলায় বেসামরিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিহতদের সবাই জাপোরিঝস্তাল স্টিল কারখানার কর্মী বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের ভাষ্য, বিমান হামলার সতর্কতা জারির পর কর্মীরা আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় ক্ষেপণাস্ত্র হামলার শিকার হন। এতে আরও ২১ কর্মী আহত হয়েছেন।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, দনিপ্রোপেত্রোভস্ক ও দোনেৎস্ক অঞ্চলেও হামলায় আরও ছয়জন নিহত হয়েছেন। রাজধানী কিয়েভের একটি সংক্রামক রোগের হাসপাতালেও হামলার খবর পাওয়া গেছে। এ ছাড়া খেরসন ও খারকিভে হামলার কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে প্রথমবার মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন
দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ শহরে রুশ ড্রোন হামলায় ৭৫ বছর বয়সী এক নারী আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
অন্যদিকে রাশিয়ার ভোরোনেজ অঞ্চলেও ইউক্রেনের ড্রোন হামলার খবর পাওয়া গেছে। আঞ্চলিক গভর্নর আলেক্সান্দর গুসেভ জানিয়েছেন, হামলায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি গুদামে আগুন ধরে যায়।
গুসেভের দাবি, ভোরোনেজ শহর ও আশপাশের পাঁচটি জেলায় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৫টি ড্রোন ধ্বংস করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে চালানো হামলায় কিয়েভ ও জাপোরিঝঝিয়ার প্রতিরক্ষা শিল্পের স্থাপনা, পরিবহন ও সরবরাহকেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে ইউক্রেনের হামলা বেড়ে যাওয়ার পর ইউক্রেনের বিভিন্ন শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আরও জোরদার করেছে মস্কো।
