রাজধানীর দুই স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর বাড্ডা ও গুলশান এলাকায় পৃথক দুই স্থানে ঝটিকা মিছিল বের করেছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে হওয়া এসব মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজধানীর প্রগতি সরণিতে যমুনা ফিউচার পার্কের বিপরীত পাশের সড়কে আওয়ামী লীগের নেতাকর্মীরা আকস্মিকভাবে একটি মিছিল বের করেন। এতে প্রায় ২৫ জন অংশ নেন। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েক মিনিটের মধ্যেই মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যান।
আরো পড়ুন: অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ
বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আসাদুজ্জামান বলেন, ‘মিছিলে অংশগ্রহণকারী ব্যক্তিদের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের সাহায্যে শনাক্ত করার কাজ চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।’
এদিকে, বেলা ২টার দিকে গুলশান থানাধীন পুলিশ প্লাজা কনকর্ডের সামনে আরও একটি সংক্ষিপ্ত ঝটিকা মিছিল বের হয়। এই মিছিলে ৫ থেকে ৬ জন ব্যক্তি অংশ নেন বলে জানা গেছে।
পুলিশের গুলশান বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা জানায়, পূর্ব প্রস্তুতি না থাকায় এবং পুলিশের তৎপরতার মুখে মিছিলকারীরা মুহূর্তের মধ্যেই পালিয়ে যেতে বাধ্য হন।
