দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩১ পিএম
ছবি : সংগৃহীত
মিশরের গিজা শহরের কাছে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮৮ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে।
মিশরের রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী অপর একটি ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের তীব্রতায় ট্রেনটির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে অন্তত ৭২টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন ট্রেনচালকও রয়েছেন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। এক শোকবার্তায় তিনি বলেন, দুর্ঘটনার বিষয়টি তিনি অত্যন্ত উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
প্রেসিডেন্ট সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সংস্থাগুলোকে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং এ ঘটনায় দায়ীদের দ্রুত জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
এদিকে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে আশপাশের হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। দুর্ঘটনাটি আল-আইয়াত এলাকার কাফর আম্মার ও আল-রাক্কা স্টেশনের মধ্যবর্তী স্থানে ঘটে। এর পরিপ্রেক্ষিতে গিজা ও উচ্চ মিশরের মধ্যকার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ২০০২ সালেও মিশরের আল-আইয়াত এলাকায় ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। ওই দুর্ঘটনায় ট্রেনে আগুন লেগে ৩৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়, যা দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা হিসেবে পরিচিত।
