×

ক্যাম্পাস

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা কলেজে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৫:৫২ পিএম

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা কলেজে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

ছবি : সংগৃহীত

বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ঢাকা কলেজ ক্যাম্পাসে পোস্টার লাগিয়েছে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা।

সোমবার (৩ আগস্ট) সকালে কলেজের প্রশাসনিক ভবন, মূল ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব পোস্টার দেখা যায়। পোস্টারগুলোতে ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা কলেজ থেকে অবাঞ্ছিত ঘোষণা’ লেখা ছিল। পরে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে কলেজ কর্তৃপক্ষ পোস্টারগুলো সরিয়ে ফেলে।

পোস্টারিংয়ে নেতৃত্ব দেওয়া ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির (পদ স্থগিত) সদস্য শেখ পারভেজ মোশাররফ বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য সমাজে বিভ্রান্তি ও ঘৃণা ছড়াচ্ছে। এ কারণে প্রতীকীভাবে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে পোস্টারিং করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনীতির মূল লক্ষ্য বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো। একটি নতুন রাজনৈতিক দল হিসেবে তাদের নিজস্ব আদর্শ, কর্মসূচি ও লক্ষ্য থাকা উচিত। কিন্তু এনসিপির রাজনীতি বিশৃঙ্খলাকেন্দ্রিক বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী সুস্থ ধারার রাজনীতি করলে তাদের আপত্তি নেই, তবে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালালে জনগণই এর জবাব দেবে।

অন্যদিকে পোস্টারিংয়ের সমালোচনা করে জাতীয় ছাত্রশক্তির ঢাকা কলেজ শাখার সদস্যসচিব সজিব উদ্দিন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে যাদের আপত্তি রয়েছে, তারা বিএনপির প্রকৃত রাজনীতির প্রতিনিধিত্ব করেন না। তিনি অভিযোগ করেন, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের বক্তব্য নিয়েও প্রশ্ন রয়েছে, অথচ সেসব বিষয়ে তারা নীরব থাকেন।

তিনি আরও বলেন, ঢাকা কলেজ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয় যে কাউকে ইচ্ছেমতো অবাঞ্ছিত ঘোষণা করা হবে। তার দাবি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ প্রকাশ পাওয়ার আশঙ্কা থেকেই একটি পক্ষ এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়েছে।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, তিনি ব্যক্তিগতভাবে কোনো পোস্টার দেখেননি। তবে কয়েকটি স্থানে পোস্টার লাগানো হয়েছিল বলে জানতে পেরে সেগুলো সরিয়ে ফেলার ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ক্যাম্পাসে কোনো ধরনের রাজনৈতিক উত্তেজনা বা অস্থিরতা সৃষ্টি হোক, তা কলেজ প্রশাসন চায় না।

উল্লেখ্য, গত ২৮ জুলাই গণঅভ্যুত্থানের সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে ‘জুলাই মার্চ’ কর্মসূচি পালন করে এনসিপি। ওই কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ওই হামলায় জড়িত ছিলেন।

অন্যদিকে বিএনপির দাবি, নাসীরুদ্দীন পাটওয়ারী পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য প্রচার করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। এ ঘটনার জের ধরে দেশের বিভিন্ন স্থানে বিএনপির কিছু নেতাকর্মী নাসীরুদ্দীন পাটওয়ারীকে বয়কট ও অবাঞ্ছিত ঘোষণার কর্মসূচি পালন করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App