×

ক্যাম্পাস

২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০১:১৫ পিএম

২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবন-২-এ প্রায় ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ রয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমসহ ১১ জন। দীর্ঘ সময় অবরুদ্ধ থাকায় উপাচার্যসহ সেখানে থাকা কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপাচার্য বলেন, সোমবার রাত ২টার দিকে পুলিশের মাধ্যমে খাবার এসেছিল। সেটিই তারা খেয়েছেন। দীর্ঘ সময় ঘুমাতে না পারায় তার প্রচণ্ড মাথাব্যথা হচ্ছে। সেখানে থাকা অন্যদেরও নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সুযোগ পাননি জানিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, তিনি আলোচনা করতে চান। সোমবার একবার শিক্ষার্থীদের সামনে গেলেও তাদের আচরণের কারণে আলোচনার সুযোগ পাননি বলে দাবি করেন তিনি।

এদিকে নবনিযুক্ত উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন-২-এর ভেতরের ফটক ও মূল ফটকে তালা ঝুলিয়ে রেখেছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে অবরুদ্ধ উপাচার্যসহ অন্যদের জন্য সকালের খাবারের ব্যবস্থা করেন তারা।

এর আগে দীর্ঘ সময় অবরুদ্ধ থাকায় সোমবার মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী প্রকৌশলী শাহরিয়ার ও প্রকৌশলী টিটু মো. সোহান। শাহরিয়ারকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়।

পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইজাজ মাহমুদ খান বলেন, নবনিযুক্ত উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অবরুদ্ধ থাকবেন। সোমবার তাকে বের হওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হলেও তিনি স্বেচ্ছায় অবরুদ্ধ থেকেছেন বলে দাবি করেন তিনি। অবরুদ্ধ সবার কাছে সকালের খাবার পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান এই শিক্ষার্থী।

সোমবার রাতভর প্রশাসনিক ভবন-২-এর সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় সেখানে তাদের খাওয়া-দাওয়া ও আড্ডা দিতে দেখা যায়।

চুয়েটের চলমান সংকট নিরসন এবং শিক্ষার্থীদের বাসে হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেছেন ঢাকায় অবস্থানরত চুয়েটের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

এ ছাড়া চুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

সোমবার সকালে প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। নিয়োগ পাওয়ার প্রায় তিন সপ্তাহ পর তিনি ক্যাম্পাসে যান। এ সময় তার সঙ্গে চুয়েটের বর্তমান ও সাবেক কয়েকজন শিক্ষার্থীও ছিলেন।

পরে উপাচার্য ও তার সহযোগীদের ভবন ছেড়ে যাওয়ার জন্য দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে তারা ভবন না ছাড়ায় পূর্বঘোষণা অনুযায়ী ভবনের ভেতরের ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। একই সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত ভবনের তালা খোলা হবে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা নাহিদ ইসলামের

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা নাহিদ ইসলামের

ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারে বিরোধী দল: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারে বিরোধী দল: ডেপুটি স্পিকার

আরও একটি টেস্ট জয়ের পথে বাংলাদেশ

আরও একটি টেস্ট জয়ের পথে বাংলাদেশ

২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য

২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App