সাংবাদিক মাসুম বাদশাহর ওপর হামলা: জামিন বাতিলের পর কারাগারে ওয়াজুদ্দিন
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পিএম
ওয়াজুদ্দিন। ছবি: ভোরের কাগজ
সাংবাদিক মাসুম বাদশাহর ওপর হামলার মামলায় জামিন বাতিল হওয়া চার আসামির একজন ওয়াজুদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১২ অক্টোবর) মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাকিব হোসেনের আদালতে জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
কারাগারে পাঠানো ওয়াজুদ্দিন (৪৫) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত জোনাব আলীর ছেলে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মতিয়ার রহমান আগুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী জানান, সাংবাদিক মাসুম বাদশাহর ওপর হামলা ও তাঁর হাতঘড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ তদন্ত কর্মকর্তার দাখিল করা অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। আদালত শুনানি শেষে ওয়াজুদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট দেওয়ান মিজানুর রহমান।
আরও পড়ুন: তাজমিনের সোয়াব-পোশাক পাঠানো হচ্ছে সিআইডির ফরেনসিকে
আদালত সূত্রে জানা যায়, ফৌজদারি রিভিশন মামলার আদেশের পরিপ্রেক্ষিতে গত ২৬ জুলাই মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান আসামিদের জামিন বাতিলের নির্দেশ দেন। পরে ১৫ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সজীব চৌধুরী চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ওই চার আসামি হলেন— সিংগাইরের লক্ষ্মীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন গাদুর ছেলে হুমায়ুন ওরফে ‘ইয়াবা হুমায়ুন’ (৪০), তুফান আলীর ছেলে আনোয়ার হোসেন (৪০), কাউছারের ছেলে জিসান (২২) এবং ওয়াজুদ্দিন (৪৫)। তাঁদের মধ্যে জিসান গত ৫ অক্টোবর বিচারিক আদালত থেকে জামিন নিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।
বাদীপক্ষের আইনজীবীর দাবি, মামলার কয়েকজন আসামি উচ্চ আদালতের নির্দেশনা ও আইনগত প্রক্রিয়া এড়িয়ে জামিন নেওয়ার চেষ্টা করেছেন। এ বিষয়ে রিভিশন শুনানিতে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হলে আসামিদের জামিন বাতিলের আদেশ দেওয়া হয়।
উল্লেখ্য, সংবাদ প্রকাশের জেরে গত বছরের ১৫ এপ্রিল সকাল পৌনে ১০টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা বাজারসংলগ্ন পল্লী উন্নয়ন সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ের বারান্দায় সাংবাদিক মাসুম বাদশাহর ওপর হামলার ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পরদিন পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে থানায় মামলা করেন তিনি।
মাসুম বাদশাহ দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি, সাভার থেকে প্রকাশিত দৈনিক ফুলকির স্টাফ রিপোর্টার এবং টাইমস বাংলাদেশ-এর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি সিংগাইর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে।
