×

জাতীয়

তাজমিনের সোয়াব-পোশাক পাঠানো হচ্ছে সিআইডির ফরেনসিকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পিএম

তাজমিনের সোয়াব-পোশাক পাঠানো হচ্ছে সিআইডির ফরেনসিকে

ফাইল ছবি

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুন তাজমিন হত্যা মামলার তদন্তে নতুন করে বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ। হত্যার আগে কিশোরীকে ধর্ষণ করা হয়েছিল কি না, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হতে তার সোয়াব ও ব্যবহৃত পোশাক পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তার ব্যবহৃত মোবাইল ফোনও ফরেনসিক পরীক্ষার আওতায় আনা হবে।

মামলার তদন্ত কর্মকর্তা ও লালমাই থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল ফারুক জানান, এসব আলামত পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানোর অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। তদন্তের কোনো দিকই বাদ দেওয়া হবে না বলে জানান তিনি। ইতোমধ্যে আসামিকে আদালতে হাজির করাসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ভুক্তভোগীর সোয়াব, পোশাক, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত সিআইডির ল্যাবে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, পরে কক্সবাজারে যাত্রা

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত কিশোরীর সঙ্গে কয়েক সপ্তাহ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় রিয়াজ উদ্দিন ওরফে রাজু নামে এক তরুণের। কিশোরী নিখোঁজ হওয়ার আগে কক্সবাজারে গিয়ে রিয়াজের সঙ্গে অবস্থান করেছিল বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। রিয়াজের স্বীকারোক্তিতেও এ-সংক্রান্ত তথ্য উঠে এসেছে বলে তদন্ত সূত্রে জানা যায়।

এদিকে রোববার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে রিয়াজকে আটক করে পুলিশ। জেলা পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কক্সবাজারের হোটেলে কিশোরীকে ডেকে নেওয়া ওই তরুণকে আইনের আওতায় আনা হবে।

তবে কিশোরীর সঙ্গে রিয়াজের সম্পর্ক, কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্য এবং হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়।

নিখোঁজ হওয়ার রাত নিয়ে রিয়াজের বক্তব্য

রিয়াজ নিজেকে নির্দোষ দাবি করে কিশোরীর নিখোঁজ হওয়ার রাতের কিছু তথ্য জানিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, গত বুধবার রাতে কক্সবাজার থেকে কুমিল্লা শহরের বাসায় ফিরে কিশোরী প্রধান ফটক বন্ধ পায়। মা-বাবার সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে সে এক ব্যক্তিকে ‘আঙ্কেল’ সম্বোধন করে তার বাসায় যাওয়ার কথা জানায়।

আরও পড়ুন: রাজুকে পাঠানো সবশেষ মেসেজে কী লিখেছিলেন তাজমিন

রিয়াজের দাবি, ভিডিও কলে কিশোরীকে একটি সিএনজিচালিত অটোরিকশায় দেখতে পেয়ে তিনি তাকে বকাঝকা করেন। এরপর কিশোরী ফোন কেটে দেয়। পরে মেসেজ দিয়ে জানায়, সকালে বাসায় ফিরবে।

রিয়াজের ধারণা, কিশোরী যাকে ‘আঙ্কেল’ বলে উল্লেখ করেছিল, তিনি আসলে অটোরিকশাচালকও হতে পারেন। তবে তার এ বক্তব্যের সত্যতা এবং ঘটনার সঙ্গে এর সম্পর্ক তদন্ত করে দেখা হচ্ছে।

বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে নির্জন স্থানে নেওয়ার অভিযোগ

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত বুধবার রাতে কক্সবাজার থেকে ফিরে কুমিল্লা নগরের পাদুয়ার বাজার বিশ্বরোডে নামে কিশোরীটি। সেখান থেকে রেসকোর্স এলাকার বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে ৩০০ টাকা ভাড়ায় তাকে অটোরিকশায় তোলেন চালক সুমন মিয়া।

তবে বাসায় না নিয়ে সুমন তাকে লালমাই উপজেলার একটি নির্জন কৃষিজমিতে নিয়ে যান। সেখানে কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে দাবি পুলিশের।

পুলিশ আরও জানায়, হত্যার পর কিশোরীর ভ্যানিটি ব্যাগ থেকে একটি দামি আইফোন নিয়ে অন্য একটি অটোরিকশায় পালিয়ে যান সুমন। গত বৃহস্পতিবার লালমাই উপজেলার জগতপুর এলাকার একটি কৃষিজমি থেকে কিশোরীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তার করা হয়।

আদালতে স্বীকারোক্তি সুমনের

গ্রেপ্তার সুমন মিয়া গত শনিবার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কিশোরীকে প্রথমে ধর্ষণ ও পরে হত্যার দায় স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

একই দিন জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া বলেন, কিশোরীটি কক্সবাজারে কার সঙ্গে গিয়েছিল এবং হত্যাকাণ্ডের পেছনে অন্য কারও ইন্ধন বা সম্পৃক্ততা রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার নেপথ্যের রহস্য উদঘাটনে তদন্ত

কক্সবাজার ভ্রমণ, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, কুমিল্লায় ফেরার পর নিখোঁজ হওয়া এবং নির্জন কৃষিজমিতে মরদেহ উদ্ধারের ঘটনাগুলোকে সামনে রেখে তদন্ত এগিয়ে নিচ্ছে পুলিশ। কিশোরীর সোয়াব, পোশাক ও মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষার ফল তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে বলে মনে করা হচ্ছে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ভুক্তভোগীর সোয়াব ও পোশাক ডিএনএ পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানোর কাজ চলছে। মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্টদের প্রত্যাশা, ফরেনসিক পরীক্ষার ফল, জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডের পেছনের পুরো ঘটনা ও অন্য কারও সম্পৃক্ততা থাকলে তা উদঘাটন করা সম্ভব হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না’

‘মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না’

চকবাজারে মার্কেটে আগুন

চকবাজারে মার্কেটে আগুন

তাজমিনের সোয়াব-পোশাক পাঠানো হচ্ছে সিআইডির ফরেনসিকে

তাজমিনের সোয়াব-পোশাক পাঠানো হচ্ছে সিআইডির ফরেনসিকে

ডেঙ্গুতে আক্রান্ত ছাড়িয়েছে এক লাখ

আরও ৪ জনের মৃত্যু ডেঙ্গুতে আক্রান্ত ছাড়িয়েছে এক লাখ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App