সঞ্চয়পত্রে আগের হারেই মিলবে মুনাফা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০১:১৬ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত বিভিন্ন সঞ্চয় কর্মসূচির মুনাফার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ছয় মাসও আগের হারেই মুনাফা পাবেন সঞ্চয়পত্রের বিনিয়োগকারীরা। স্কিমভেদে সর্বোচ্চ মুনাফার হার থাকবে ১১ দশমিক ৮২ শতাংশ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সঞ্চয়পত্রের মুনাফার হার বছরে দুইবার নির্ধারণ করা হয়। প্রথম ধাপ ১ জানুয়ারি থেকে ৩০ জুন এবং দ্বিতীয় ধাপ ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকে। তবে চলতি বছরের দ্বিতীয়ার্ধে মুনাফার হারে কোনো পরিবর্তন আনা হয়নি। ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়া হারই বহাল থাকবে।
এর আগে চলতি বছরের ১ জানুয়ারি জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত পাঁচটি সঞ্চয় কর্মসূচির মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে চার দিনের মাথায় সেই সিদ্ধান্ত বাতিল করে আগের হার পুনর্বহাল করে সরকার। এবারও বছরের শেষ ছয় মাসের জন্য একই হার বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র জানায়, ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য নতুন করে মুনাফার হার পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হলেও শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তে তা অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে নতুন কোনো হার নির্ধারণ করা হয়নি।
আরো পড়ুন : পদ্মা সেতুতে টোল আদায় ছাড়াল ৩৪২৯ কোটি টাকা
এ বিষয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকারী সচিব মোহাম্মদ মোবারক হোসেন বলেন, সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বিনিয়োগকারীরা আগের হারেই মুনাফা পাবেন।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের দুটি ধাপে ভাগ করা হয়েছে। একটি ধাপে রয়েছেন ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে বিনিয়োগকারীরা এবং অন্য ধাপে ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগকারীরা।
পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র
প্রথম ধাপের বিনিয়োগকারীরা মেয়াদপূর্তির আগে নগদায়ন করলে প্রথম বছরে ৯.৭৪ শতাংশ, দ্বিতীয় বছরে ১০.২১ শতাংশ, তৃতীয় বছরে ১০.৭২ শতাংশ, চতুর্থ বছরে ১১.২৬ শতাংশ এবং পঞ্চম বছরে ১১.৮৩ শতাংশ হারে মুনাফা পাবেন।
দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা একই সঞ্চয়পত্রে প্রথম বছরে ৯.৭২ শতাংশ, দ্বিতীয় বছরে ১০.১৯ শতাংশ, তৃতীয় বছরে ১০.৭০ শতাংশ, চতুর্থ বছরে ১১.২৩ শতাংশ এবং পঞ্চম বছরে ১১.৮০ শতাংশ হারে মুনাফা পাবেন।
তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র
প্রথম ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে ১০.৬৫ শতাংশ, দ্বিতীয় বছরে ১১.২২ শতাংশ এবং তৃতীয় বছরে ১১.৮২ শতাংশ হারে মুনাফা পাবেন। দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে ১০.৬০ শতাংশ, দ্বিতীয় বছরে ১১.১৬ শতাংশ এবং তৃতীয় বছরে ১১.৭৭ শতাংশ হারে মুনাফা পাবেন।
পেনশনার সঞ্চয়পত্র
প্রথম ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে ৯.৮৪ শতাংশ, দ্বিতীয় বছরে ১০.৩২ শতাংশ, তৃতীয় বছরে ১০.৮৪ শতাংশ, চতুর্থ বছরে ১১.৩৯ শতাংশ এবং পঞ্চম বছরে ১১.৯৮ শতাংশ হারে মুনাফা পাবেন।
দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে ৯.৭২ শতাংশ, দ্বিতীয় বছরে ১০.১৯ শতাংশ, তৃতীয় বছরে ১০.৮৪ শতাংশ, চতুর্থ বছরে ১১.৩৯ শতাংশ এবং পঞ্চম বছরে ১১.৯৮ শতাংশ হারে মুনাফা পাবেন।
পরিবার সঞ্চয়পত্র
প্রথম ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে ৯.৮১ শতাংশ, দ্বিতীয় বছরে ১০.২৯ শতাংশ, তৃতীয় বছরে ১০.৮০ শতাংশ, চতুর্থ বছরে ১১.৩৫ শতাংশ এবং পঞ্চম বছরে ১১.৯৩ শতাংশ হারে মুনাফা পাবেন।
দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে ৯.৭২ শতাংশ, দ্বিতীয় বছরে ১০.১৯ শতাংশ, তৃতীয় বছরে ১০.৭০ শতাংশ, চতুর্থ বছরে ১১.২৩ শতাংশ এবং পঞ্চম বছরে ১১.৮০ শতাংশ হারে মুনাফা পাবেন।
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট
প্রথম ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে ১০.৬৫ শতাংশ, দ্বিতীয় বছরে ১১.২২ শতাংশ এবং তৃতীয় বছরে ১১.৮২ শতাংশ হারে মুনাফা পাবেন। দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে ১০.৬০ শতাংশ, দ্বিতীয় বছরে ১১.১৬ শতাংশ এবং তৃতীয় বছরে ১১.৭৭ শতাংশ হারে মুনাফা পাবেন।
