দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কতদিন?
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম
ফাইল ছবি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ দিনের সাধারণ ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে শিক্ষার্থীরা টানা সাত দিন ছুটির সুযোগ পাচ্ছে। আগামী ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই ছুটি কার্যকর হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকাতেও একই সময়ের ছুটি রাখা হয়েছে।
শিক্ষার্থীদের টানা সাত দিনের ছুটি
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা টানা সাত দিনের অবকাশ যাপন করতে পারবে।
একইভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাতেও ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। ফলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন ছুটি ভোগ করবে।
আরও পড়ুন: বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, চুক্তি কবে
সরকারি চাকরিজীবীদের জন্য পাঁচ দিনের ছুটি
এদিকে দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্যও টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার নির্বাহী আদেশে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) ছুটির অনুমোদন দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ড. সালেহ শিবলী।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশক্রমে অতিরিক্ত ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীদের ছুটির পরিধি আরও বাড়ল। এর পরের দুদিন শুক্র ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি কর্মচারীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি উপভোগ করতে পারবেন। এর ফলে পূজার ছুটিতে বাড়তি কোনো ছুটি নেওয়ার প্রয়োজন পড়ছে না।
পূজার বিভিন্ন তিথির দিনক্ষণ
চলতি বছর মহালয়া অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সমাপ্ত হবে।
