কিশোর কুমারের গোপন বিয়ের অজানা গল্প প্রকাশ্যে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
গায়ক-অভিনেতা কিশোর কুমারের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। চারবার বিয়ে করা এই কিংবদন্তি শিল্পীর প্রেম ও দাম্পত্য নিয়ে বলিউডে বহু গল্প প্রচলিত। এবার তাঁর ছেলে গায়ক অমিত কুমার তুলে ধরেছেন কিশোর কুমারের প্রথম বিয়ের একটি অজানা অধ্যায়।
অমিত কুমারের দাবি, পরিবারের কাউকে না জানিয়েই অভিনেত্রী ও গায়িকা রুমা গুহঠাকুরতাকে বিয়ে করেছিলেন কিশোর কুমার। গোপন এই বিয়ের খবর প্রকাশ পেলে বড় ভাই অশোক কুমারের প্রতিক্রিয়া নিয়ে এতটাই চিন্তিত ছিলেন দেব আনন্দ যে, তিনি আগেই কিশোরকে সতর্ক করেছিলেন।
ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিত কুমার বলেন, তাঁর বাবা ছিলেন অত্যন্ত রোমান্টিক স্বভাবের মানুষ। ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্ক থাকলেও রুমা গুহঠাকুরতার সঙ্গে তাঁর প্রেমের সূচনা হয়েছিল ক্যারিয়ারের শুরুর দিকে।
আরো পড়ুন : কুমার শানুর ছেলে করোনায় আক্রান্ত
তিনি জানান, দেব আনন্দের জন্য নিয়মিত গান গাওয়ার সময় থেকেই কিশোর কুমারের সঙ্গে রুমার পরিচয় হয়। সে সময় রুমা বোম্বে টকিজে নির্মাতা নীতীন বোসের সঙ্গে কাজ করতেন এবং অভিনয়জগতেও পরিচিত মুখ ছিলেন। কাজের সূত্রে পরিচয় থেকে একসময় তাঁদের সম্পর্ক প্রেমে রূপ নেয়।
তবে এই সম্পর্ক পরিবার সহজভাবে মেনে নেয়নি। অমিত কুমারের ভাষ্য, রুমা ছিলেন ব্রাহ্ম সমাজের অনুসারী, আর কিশোরদের পরিবার ছিল ব্রাহ্মণ। এ কারণেই বড় ভাই অশোক কুমার বিয়ের বিরোধিতা করেছিলেন। তিনি কিশোরকে বলেছিলেন, ‘তুমি বেশি পড়াশোনা করোনি। ব্রাহ্ম সমাজের মানুষ ইংরেজি জানে। তুমি কীভাবে তাকে বিয়ে করবে?’
তবে এসব যুক্তিতে রাজি হননি কিশোর কুমার। পরিবারের অমতেই গোপনে বিয়ে করেন দুজন।
অমিত কুমারের দাবি, গোপন বিয়ের খবর প্রকাশ পেলে কী হবে, তা নিয়ে দেব আনন্দও বেশ উদ্বিগ্ন ছিলেন। তিনি কিশোরকে সতর্ক করে বলেছিলেন, অশোক কুমার বিষয়টি জানতে পারলে বড় বিপদ হতে পারে।
শেষ পর্যন্ত সেটিই ঘটে। একসময় অশোক কুমারের হাতে বিয়ের নিবন্ধনের কাগজ পৌঁছে যায়। তিনি কিশোরকে জিজ্ঞাসা করেন, ‘তুমি কি বিয়ে করেছ?’ কিশোর প্রথমে কিছুই জানেন না—এমন ভান করেন। পরে নিবন্ধনের কাগজে নিজের স্বাক্ষর দেখানোর পর মজা করে শুধু বলেন, ‘হয়তো!’
১৯৫৮ সালে কিশোর কুমার ও রুমা গুহঠাকুরতার বিচ্ছেদ হয়। দুই বছর পর রুমা অরূপ গুহঠাকুরতাকে বিয়ে করেন। এরপর ১৯৬০ সালে হৃদ্রোগে আক্রান্ত জেনেও অভিনেত্রী মধুবালাকে বিয়ে করেন কিশোর কুমার এবং তাঁর মৃত্যুর আগ পর্যন্ত পাশে ছিলেন।
পরে তিনি যোগিতা বালিকে বিয়ে করেন। সেই সম্পর্কও টেকেনি। এরপর ১৯৮০ সালে অভিনেত্রী লীনা চন্দ্রাভারকরকে বিয়ে করেন কিশোর কুমার। ১৯৮৭ সালে মৃত্যুর আগ পর্যন্ত লীনাই ছিলেন তাঁর জীবনসঙ্গী।
