×

ফুটবল

রাফিনিয়ার চোটে স্বস্তির রাতেও অস্বস্তি ব্রাজিলে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০২:২৪ পিএম

রাফিনিয়ার চোটে স্বস্তির রাতেও অস্বস্তি ব্রাজিলে

ছবি: সংগৃহীত

হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে ব্রাজিল স্বস্তি পেয়েছে, কিন্তু সেই স্বস্তির রাতেই বড় দুশ্চিন্তা ঢুকে পড়েছে সেলেসাও শিবিরে। প্রথমার্ধে ডান উরুর পেছনের মাংসপেশিতে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন রাফিনিয়া। ম্যাচ শেষে ভিনিসিয়ুস জুনিয়রের একটি কথাই ব্রাজিলের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

রাফিনিয়াকে নিয়ে হতাশা লুকাননি ভিনিসিয়ুস। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে প্রচারিত ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বলেন, রাফিনিয়ার চোটে তার খারাপ লাগছে এবং তার মনে হচ্ছে, এটি আগেরবারের মতো একই সমস্যা হতে পারে। একই সঙ্গে তিনি আশা করেছেন, চোট গুরুতর হবে না এবং রাফিনিয়া দলের সঙ্গে থাকতে পারবেন।

এই কথাতেই উদ্বেগের আসল জায়গা। কারণ এটি রাফিনিয়ার জন্য একেবারে নতুন কোনো সমস্যা নয়। ২০২৫-২৬ মৌসুমে হ্যামস্ট্রিং-সংক্রান্ত চোটে কয়েক দফা মাঠের বাইরে থাকতে হয়েছে বার্সেলোনা ফরোয়ার্ডকে। তাই হাইতির বিপক্ষে মাঠ ছাড়ার পর শুধু ম্যাচের ফল নয়, ব্রাজিলের সামনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, রাফিনিয়াকে এই বিশ্বকাপে আবার কবে পাওয়া যাবে।

ঘটনাটি ঘটে প্রথমার্ধের শেষ দিকে। ব্রাজিল তখন ২-০ গোলে এগিয়ে। হাইতির রক্ষণ ভেঙে দ্রুত আক্রমণে ওঠার সময় ডান দিক দিয়ে দৌড়াচ্ছিলেন রাফিনিয়া। সেই আক্রমণ থেকেই মাতেউস কুনিয়ার দ্বিতীয় গোল আসে। কিন্তু গোলের পর দেখা যায়, উদ্‌যাপনে নেই রাফিনিয়া। কিছুক্ষণ পরই তিনি মাটিতে বসে পড়েন এবং মেডিকেল স্টাফকে ডাকেন।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ঝুঁকি নেননি। রাফিনিয়াকে তুলে নামান তরুণ রায়ানকে। বার্সেলোনা ফরোয়ার্ড নিজে হেঁটেই মাঠ ছাড়েন, তবে তাঁর মুখে হতাশা ও উদ্বেগ ছিল স্পষ্ট। ব্রাজিল শিবির এখন তাঁর পরীক্ষার ফলের অপেক্ষায়।

সামান্য টান হলে কয়েক দিনের বিশ্রামেই সমস্যা মিটতে পারে। কিন্তু মাংসপেশির চোট ধরা পড়লে বিশ্বকাপের বাকি পথ নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হবে। সবচেয়ে বড় সমস্যা, বিশ্বকাপে ব্রাজিলের অভিযান শুরু হয়ে যাওয়ায় এখন কোনো আউটফিল্ড খেলোয়াড় ছিটকে গেলে নতুন করে বদলি ডাকার সুযোগ নেই।

রাফিনিয়ার চোট ব্রাজিলের জন্য শুধু একজন খেলোয়াড় হারানোর আশঙ্কা নয়, আক্রমণ পরিকল্পনায় বড় ধাক্কাও। আনচেলত্তির সিস্টেমে তিনি শুধু ডান প্রান্তের উইঙ্গার নন, প্রেসিং, ভেতরে ঢুকে খেলা, সেট-পিস এবং ভিনিসিয়ুসের বিপরীত প্রান্তে ভারসাম্য তৈরির গুরুত্বপূর্ণ অংশ। নেইমার এখনো কাফ চোট থেকে পুরোপুরি ফেরেননি। এমন অবস্থায় রাফিনিয়ার চোট ব্রাজিলের আক্রমণভাগকে আরও অনিশ্চিত করে তুলেছে।

হাইতির বিপক্ষে চোট পাওয়ার আগেই রাফিনিয়া দুটি বিপজ্জনক মুহূর্ত তৈরি করেছিলেন। একটি আক্রমণে তাঁর শট জালে গেলেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। আরেকটি সুযোগেও অফসাইডের পতাকা ওঠে। অর্থাৎ ম্যাচের শুরুতে তাঁর গতিই হাইতির রক্ষণকে অস্বস্তিতে রাখছিল। সেই খেলোয়াড়কে প্রথমার্ধেই হারানো ব্রাজিলের জন্য অস্বস্তির।

ম্যাচ শেষে লুকাস পাকেতাও সতীর্থের পাশে দাঁড়িয়েছেন বলে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবর। রাফিনিয়া মনমরা হয়ে আছেন, তবে দলের সবাই আশা করছে চোট গুরুতর নয়। ব্রাজিলের জন্য তিনি কতটা গুরুত্বপূর্ণ, সেটিও সতীর্থদের কথাতেই স্পষ্ট।

এখন ব্রাজিলের সামনে দুটি আলাদা বাস্তবতা। মাঠে তারা হাইতির বিপক্ষে সহজ জয়ে ঘুরে দাঁড়িয়েছে। কুনিয়ার জোড়া গোল, ভিনিসিয়ুসের গোল এবং ব্রুনো গিমারায়েসের মাঝমাঠ নিয়ন্ত্রণ আনচেলত্তির দলকে আত্মবিশ্বাস দেবে। কিন্তু মাঠের বাইরে রাফিনিয়ার পরীক্ষার ফল না আসা পর্যন্ত অস্বস্তি কাটছে না।

গ্রুপ ‘সি’-তে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে ব্রাজিল। শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নামবে তারা। নকআউটের আগে এই ম্যাচে আনচেলত্তি হয়তো দল ব্যবস্থাপনায় আরও সতর্ক হবেন। রাফিনিয়া না থাকলে রায়ান, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, লুইজ হেনরিক বা এন্দ্রিকদের মধ্যে কাকে কোন ভূমিকায় ব্যবহার করবেন, সেই পরিকল্পনাও নতুন করে ভাবতে হবে।

রাফিনিয়ার জন্য সবচেয়ে বড় উদ্বেগ তাঁর আগের ইতিহাস। মার্চে ব্রাজিলের হয়ে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। সেই চোটে প্রায় পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। ভিনিসিয়ুসের আগেরবারের মতো একই চোটের ইঙ্গিত তাই শুধু আবেগ নয়, ব্রাজিল শিবিরের ভেতরের দুশ্চিন্তারও প্রতিফলন।

তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়ার সুযোগ নেই। পরীক্ষা না হওয়া পর্যন্ত বলা যাবে না রাফিনিয়া কতদিনের জন্য বাইরে থাকতে পারেন। ব্রাজিলের জন্য আশার জায়গা, তিনি স্ট্রেচারে নয়, হেঁটেই মাঠ ছেড়েছেন। কিন্তু মাংসপেশির চোটে বাহ্যিক দৃশ্য সব সময় পুরো সত্য বলে না। অনেক সময় সামান্য ব্যথাও পরীক্ষায় বড় সমস্যা হয়ে ধরা পড়ে।

হাইতির বিপক্ষে জয় তাই ব্রাজিলের জন্য অর্ধেক স্বস্তির রাত। স্কোরবোর্ড বলছে, আনচেলত্তির দল ছন্দে ফিরেছে। কিন্তু রাফিনিয়ার ডান উরুর চোট বলছে, বিশ্বকাপের লম্বা পথে ব্রাজিলের আক্রমণভাগে নতুন শঙ্কা ঢুকে গেছে। পরীক্ষার ফলই বলে দেবে, এই শঙ্কা সাময়িক নাকি বিশ্বকাপের বাকি পথেই ব্রাজিলকে নতুন পরিকল্পনায় যেতে হবে।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস

দেশজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের নতুন বার্তা

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের নতুন বার্তা

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যাশা শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App