×

জামায়াত

কবে আসছে জামায়াতের ছায়া মন্ত্রিসভা?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৯:৫৩ এএম

কবে আসছে জামায়াতের ছায়া মন্ত্রিসভা?

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় আমির ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে ‘ছায়া মন্ত্রিসভা’ বা ‘শ্যাডো ক্যাবিনেট’ গঠন করেছে। এতদিন বিষয়টি অনেকটা গোপন রাখা হলেও শিগগিরই এর সদস্যদের আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সোমবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান বলেন, এরই মধ্যে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে। সদস্যদের প্রশিক্ষণও চলছে। শিগগির তাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান আইনজীবী এহসানুল মাহবুব জুবায়ের জানান, নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত মাসে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নির্ধারিত সময়ে এর সদস্যদের নাম প্রকাশ করা হবে।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, ছায়া মন্ত্রিসভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলনকে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান।

এ ছাড়া তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এহসানুল মাহবুব জুবায়ের। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। আইন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন দলের শীর্ষ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

আরও পড়ুন: শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্লা, ধর্ম মন্ত্রণালয়ে শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক ছাত্রশিবির সভাপতি সালাহউদ্দিন আইয়ুবী রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

জামায়াতের নেতারা বলছেন, সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, সরকারি সিদ্ধান্তের বিকল্প নীতিপ্রস্তাব তৈরি এবং সংসদে সরকারের জবাবদিহি নিশ্চিত করাই ছায়া মন্ত্রিসভা গঠনের মূল উদ্দেশ্য।

দলটির কয়েকজন শীর্ষ নেতা জানিয়েছেন, গত মাসে গোপনে ছায়া মন্ত্রিসভা গঠন করা হলেও এর সদস্যরা ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, বাজেট এবং সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ড পর্যালোচনা শুরু করেছেন।

জানা গেছে, আগে জোটগতভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের চিন্তা থাকলেও শেষ পর্যন্ত দলীয়ভাবেই এই কাঠামো তৈরি করেছে জামায়াত। এতে দলের শীর্ষ নেতা ও সংসদ সদস্যদের পাশাপাশি কেন্দ্রীয় নেতা, বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক ছাত্রশিবির নেতাদের যুক্ত করা হয়েছে

সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী থাকবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ভিত্তিক আলাদা টিমও কাজ করবে। প্রয়োজনে উপমন্ত্রী পর্যায়েও দায়িত্ব বণ্টন করা হতে পারে বলে জানিয়েছে দলটি।

আরও পড়ুন: সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

জামায়াতের ভাষ্য, ছায়া মন্ত্রিসভার প্রধান লক্ষ্য তিনটি—সরকারের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ, সরকারের ভুল বা দুর্বলতা চিহ্নিত করে বিকল্প নীতি উপস্থাপন এবং ভবিষ্যতের জন্য দক্ষ নেতৃত্ব ও সম্ভাব্য মন্ত্রী তৈরি করা। অর্থাৎ শুধু সরকারের বিরোধিতা নয়, বিকল্পভাবে সরকার পরিচালনার প্রস্তুতিও এই কাঠামোর অন্যতম উদ্দেশ্য।

ছায়া মন্ত্রিসভার কার্যক্রম সম্পর্কে জামায়াতের শীর্ষ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, সংসদীয় গণতন্ত্রে ছায়া মন্ত্রিসভা নতুন কোনো ধারণা নয়। বিভিন্ন দেশে বিরোধী দল সরকারের মন্ত্রিসভার পাশাপাশি একটি সমান্তরাল কাঠামো গঠন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, গঠনমূলক সমালোচনা এবং প্রয়োজনীয় বিকল্প প্রস্তাব দেয়।

রাজনৈতিক বিশ্লেষকরাও ছায়া মন্ত্রিসভার ধারণাকে ইতিবাচকভাবে দেখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. স ম আলী রেজার মতে, শক্তিশালী রাজনৈতিক ও নাগরিক সংস্কৃতি রয়েছে এমন দেশগুলোতে ছায়া মন্ত্রিসভা একটি প্রতিষ্ঠিত চর্চা। এটি সরকারের ওপর জবাবদিহির চাপ তৈরি করার পাশাপাশি বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার প্রাতিষ্ঠানিক কাঠামো দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মক্কা চুক্তি কি ইসরাইল ও মার্কিন স্বার্থ রক্ষার নতুন কৌশল?

মক্কা চুক্তি কি ইসরাইল ও মার্কিন স্বার্থ রক্ষার নতুন কৌশল?

কবে আসছে জামায়াতের ছায়া মন্ত্রিসভা?

কবে আসছে জামায়াতের ছায়া মন্ত্রিসভা?

কোচিং বাণিজ্যে যুক্ত হতে পারবেন না যারা

কোচিং বাণিজ্যে যুক্ত হতে পারবেন না যারা

হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলা, নিহত ৪৭

হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলা, নিহত ৪৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App